ওয়ানবাংলানিউজ: কার্ডিফের ইলি এলাকায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্যের সাউথ ওয়েলস পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হবে না বলে জানিয়েছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS)। গত বছরের ২২ মে, একটি ই-বাইকে চড়ে থাকা হার্ভি ইভান্স (১৫) ও কাইরিস সুলিভান (১৬) একটি পুলিশ ভ্যানের অনুসরণে দুর্ঘটনায় প্রাণ হারায়।
CPS-এর স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি বলেন, “মে ২০২৩-এ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জনয দুই কিশোরের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইল। তবে, প্রমাণ পর্যালোচনার পর আমরা দেখেছি, বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগে কোনও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার চলার মতো যথেষ্ট তথ্য নেই।”
CPS জানায়, এ সিদ্ধান্তে পরিবারের কেউ চাইলে ‘ভিক্টিমস রাইট অব রিভিউ (VRR)’ স্কিমের আওতায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।
দুই কিশোরের মৃত্যুর পর কার্ডিফের রাস্তায় দেখা যায় ব্যাপক বিশৃঙ্খলা। পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত হয় ১৫ জন পুলিশ সদস্য। স্থানীয়রা দাবি করেন, তারা কিশোরদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছলেন, তবে পরে সংঘর্ষ বাঁধে।
ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট (IOPC) জানিয়েছে, তারা পুলিশ ভ্যান চালকের বিরুদ্ধে বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগে একটি ফাইল CPS-এ জমা দেয়। সংস্থাটির পরিচালক ডেভিড ফোর্ড বলেন, “এই ঘটনাটি স্থানীয় সমাজে গভীর প্রভাব ফেলেছে, এবং আমরা তদন্তের সময় ধৈর্য রাখায় সবাইকে ধন্যবাদ জানাই।”
IOPC জানায়, এখনো শেষ হয়নি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত সিদ্ধান্ত। এছাড়া, পুলিশ ঘটনাস্থলে কিশোরদের পরিবারের প্রতি কেমন আচরণ করেছে, তা নিয়েও একটি আলাদা তদন্ত চলছে যা শীঘ্রই শষ হবে বলে জানানো হয়েছে।
এই প্রতিবেদনের সূত্র: গার্ডিয়ান রিপোর্ট
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ















