আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী দলের সদস্য হিসেবে মাইকেল ফ্লিনের কর্মকাণ্ড ‘অবৈধ’ ছিল না। রাশিয়ার সঙ্গে যোগসাজশের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এটি স্বীকার করার একদিন পর এমনটা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির।
শুক্রবার মাইকেল ফ্লিনকে অভিযুক্ত করে দেশটির একটি আদালত। এরপরই বিশেষ কাউন্সিলর রবার্ট মুলারকে সহযোগিতা করতে সম্মত হন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।
শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লেখেন, ভাইস প্রেসিডেন্ট ও এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার কারণে আমি জেনারেল ফ্লিনকে বরখাস্ত করেছি। তখন ফ্লিন তার দোষ স্বীকারও করেছিল। এটা খুবই লজ্জাজনক বিষয়। কিন্তু আমার অন্তর্বর্তীকালীন টিমের সদস্য থাকা অবস্থায় তিনি অবৈধ কোনো কিছু করেননি। এখানে কোনো কিছুই লুকানো নেই।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের টুইটকে পরস্পরবিরোধী বলে মনে করা হচ্ছে। কেননা, এর অর্থ দাঁড়ায় জেনারেল ফ্লিনকে বরখাস্ত করার আগেই এফবিআইকে মিথ্যা তথ্য দেবার বিষয়টি জানতেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে রবার্ট মুলারের টিম থেকে বর্ষীয়ান একজন এফবিআই অ্যাজেন্টকে বরখাস্ত করা হয়েছে বলে শনিবার খবর বের হয়। তিনি ট্রাম্পবিরোধী টেক্সট করেছেন এমনটি জানার পর ওই অ্যাজেন্টের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
বিশেষ কাউন্সিল অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, পিটার স্টরজোককে গ্রীষ্মে তদন্ত দল থেকে সরিয়ে দেয়া হয়। আসলে শনিবার দিনটা কেবল প্রেসিডেন্ট ট্রাম্পেরই হওয়ার কথা। কেননা সিনেটে তার কর সংস্কার বিল অনুমোদন পায়।
কিন্তু আদালতে ফ্লিনের দোষ স্বীকারে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, আরো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন বিশেষ কাউন্সিলর রবার্ট মুলার।















