ব্রিটেনের রাজা চার্লসকে এখন থেকে নেট জিরো (শূন্য কার্বন নির্গমন) নিয়ে প্রকাশ্যে নিজের সমর্থন প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, কারণ বর্তমান কনজারভেটিভ নেত্রী কেমি বাদেনক ২০৫০ সালের লক্ষ্যকে ‘অসম্ভব’ বলে উল্লেখ করেছেন।
রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ৭৬ বছর বয়সী রাজা, যিনি অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে পরিবেশ বিষয়ক কার্যক্রমে জড়িত, তাকে এখন থেকে তার বক্তব্যে আরো সংযত হতে হবে। কারণ, কনজারভেটিভ দল এখন বলছে যুক্তরাজ্যের পক্ষে ২০৫০ সালের মধ্যে নেট জিরো অর্জন করা সম্ভব নয়।
বাদেনক বলেন, “আমরা মানুষের বিশ্বাস ফেরত পেতে চাইলে সত্যটা বলতে হবে— ২০৫০ সালের মধ্যে নেট জিরো অর্জন অসম্ভব।”
২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে-এর সরকার এই লক্ষ্য নির্ধারণ করে এবং পরবর্তী সব সরকার তা সমর্থন করে। সেই সময় থেকে রাজা চার্লসের পরিবেশবাদী পরিচয় যুক্তরাজ্যের জলবায়ু নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরা হতো।
২০২৩ সালের ডিসেম্বর মাসে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ জলবায়ু সম্মেলনে রাজা বলেন, “২০৫০ সালে আমাদের নাতি-নাতনিরা আমাদের কথাগুলো নয়, আমাদের কাজের ফল ভোগ করবে।”
তবে এখন রাজনৈতিক ঐকমত্য ভেঙে পড়ায় রাজা চার্লসের পক্ষে এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। কনজারভেটিভদের মত পরিবর্তনের পাশাপাশি রিফর্ম পার্টি সম্পূর্ণরূপে নেট জিরো বাতিল করতে চায়।
রয়্যাল হলাওয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের সংবিধান বিশেষজ্ঞ ক্রেইগ প্রেসকট বলেন, “রাজনীতি থেকে রাজতন্ত্রকে দুই-তিন ধাপ দূরে রাখতে চাইলে, রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজতন্ত্রকেও মানিয়ে নিতে হবে।”
আগামীকাল রাজা চার্লস ও রানি ক্যামিলা ইতালিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই সফরে পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ-কে গুরুত্ব দেওয়া হবে।
রোমে, রাজা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে স্বচ্ছ জ্বালানিতে রূপান্তরের উপর একটি বৈঠকে যোগ দেবেন। র্যাভেনায় তিনি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যাদের জমি সাম্প্রতিক বছরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
চার্লস ও ক্যামিলা বুধবার তাদের ২০তম বিবাহবার্ষিকী রাষ্ট্রীয় নৈশভোজে উদযাপন করবেন এবং যুক্তরাজ্য ও ইতালির প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন, যদিও লেবার নেতা কেইর স্টারমার ও ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি’র মধ্যে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে।
রাজাকে রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা নতুন করে সামনে আসে যখন এক গোপন নথিতে প্রকাশ পায়, রাজা প্রিন্স অ্যান্ড্রুর ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন এবং তাকে একটি £২.৪ বিলিয়ন বিনিয়োগ তহবিলে যুক্ত করার বিষয়েও অবগত ছিলেন, যার সঙ্গে চীনা গোয়েন্দা অভিযুক্ত ইয়াং তেংবো জড়িত। যদিও বাকিংহাম প্যালেস জানায়, বৈঠকে ইয়াং-এর নাম স্পষ্টভাবে বলা হয়নি।
প্রিন্স উইলিয়ামও ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত Cop30 জলবায়ু সম্মেলনে যোগ দিতে পারেন। তবে তিনিও নেট জিরো বিষয়ে নিজ মত প্রকাশে আরও সংযত হবেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবেশবাদী গোষ্ঠীগুলোর মতে, রাজা ও তার উত্তরসূরিদের মুখ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের পরিবেশ বিষয়ক নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে।
গ্রিন অ্যালায়েন্স-এর নির্বাহী পরিচালক শন স্পিয়ার্স বলেন, “রাজা যদি নির্দিষ্টভাবে ২০৫০ সালের লক্ষ্য নিয়ে কিছু বলতে না পারেন, তবুও তিনি জলবায়ু পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণভাবে কথা বলতে পারেন।”
গ্রিনপিস ইউকে-এর উপপ্রধান রেশিমা শর্মা বলেন, “রাজা চার্লস বহুদিন ধরেই পরিবেশ রক্ষায় জোরাল কণ্ঠস্বর ছিলেন। রাজতন্ত্র রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকলেও জলবায়ু নিয়ে সাধারণ জনগণের সমর্থন এখনও ব্যাপক। যা রাজনীতিবিদদের কল্পনার বাইরেও জনপ্রিয়।”
বাকিংহাম প্যালেস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
Reported by: Saif Hasan















