আরেকজন আনিসুল হক খুঁজে পাওয়া কঠিন, চ্যালেঞ্জ : কাদের

806

ঢাকা সংবাদদাতা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মতো আরেকজন যোগ্য নেতা খুঁজে পাওয়া খুব কঠিন; এটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জও বটে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন।

আজ শনিবার দুপুরে আনিসুল হকের বনানীর বাসায় শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে এক প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আনিসুল হকের বাসভবনে অবস্থান করছেন।

আনিসুল হক ও ওবায়দুল কাদের পৈত্রিক বাড়ি নোয়াখালী জেলায়। ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর নোয়াখালীতে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘আমি তাঁর পরিবারেরও সদস্য ছিলাম। তাঁর মতো অমায়িক মানুষ খুঁজে পাওয়া ভার। আমরা একই এলাকার বাসিন্দা। গত বছর আনিসুল হককে নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে লাখ মানুষ জড়ো হয়েছিল। আজও সেই সংবর্ধনার ছবি আমি নিজের এলাকায় গেলে দেখতে পাই।’

আনিসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসছিলেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও। তিনি বলেন, আনিসুল হক একজন যোগ্য ও সৎ ব্যক্তি ছিলেন। সততার সঙ্গে মহানগর উত্তরের দায়িত্ব পালন করেছেন। সততা থেকে কখনো পিছপা হতেন না তিনি। মানুষের বিপদে সব সময় এগিয়ে যেতেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘আনিসুল হক আমার খুবই প্রিয় মানুষ ছিলেন। তাঁর মানবিক গুণ ছিল, যোগ্যতা ছিল, সততা ছিল। যত দিন ঢাকা মহানগর থাকবে, তত দিন মানুষের মনে আনিসুল হক থাকবেন।’

এর আগে দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ ঢাকায় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আনিসুল হকের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল শফিউল হক উপস্থিত ছিলেন। আনিসুল হকের সঙ্গে এসেছেন স্ত্রী রুবানা হক ও ছেলে নাভিদুল হক।

স্ত্রীর সঙ্গেই গত ২৯ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে যান। পরে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হয়নি। গত বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান এই গুণী ব্যবসায়ী নেতা ও টিভি ব্যক্তিত্ব।

বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ তাঁর বনানীর ২৭ নম্বর সড়কে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। আগে থেকেই সেখানে হাজির ছিলেন প্রয়াত মেয়রের আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। এ পর্ব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাড়ির বাইরে প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছেন তাঁকে শেষবারের মতো দেখার জন্য।

শেষবারের মতো আনিসুল হক নিজের বাসভবনে পৌঁছালে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।