ঢাকা সংবাদদাতা: ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলা ও মিথ্যা প্রোপাগান্ডার জবাবে শিক্ষাবিদ বিদ্যুৎ কুমার রায় বলেন,হিন্দুদের জন্য বাংলাদেশ একটা স্বর্গীয় আবাসভুমি। ফেসবুকে তিনি স্ট্যাটাস প্রদান করেন:
বিদ্যুৎ কুমার রায় বলেন, আমি একজন হিন্দু। আমি ২২ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা, সহযোগী অধ্যাপক, রসায়ন, এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম দশম শ্রেণির রসায়ন পাঠ্যবই এর লেখক। আমি একজন সরকারি চাকুরীজীবি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে হিন্দুরাই এগিয়ে। যদি চুল কাটার সেলুনের কথাই বলি তাও হিন্দুদের দোকানেই মানুষ বেশি চুল কাটে। যদি ক্ষুদ্র ব্যাবসা যেমন দোকানের কথা বলি তাও হিন্দুরাই বেশি ব্যবসা সফল। এটা আমার জীবন থেকে দেখেছি। যে কোন হিন্দুদের বিপদ দেখলে মুসলিম ভাইয়েরাই আগে এগিয়ে আসে। আমাদের বাড়িতে সাপ বের হতো। মুসলিম প্রতিবেশি ভাইয়েরাই এসে সাপ মেরে দিত। হিন্দুদের জন্য বাংলাদেশ একটা স্বর্গীয় আবাসভুমি। আমি যত হিন্দু দেখেছি তারা সবাই বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশ নিয়ে গর্ব করে।
তিনি আরো লিখেন, আমার বাংলাদেশ আমার অহংকার। আমি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। বাংলাদেশের আলো বাতাস মানুষের ভালোবাসা সব কিছুতে আমি শান্তি পাই। আমি মনে করি বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে জন্মগ্রণ করলে আমি এত সুখ পেতাম না। এই দেশে প্রত্যাশার চেয়ে আমার প্রাপ্তি বেশি। কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে সচিব মন্ত্রী পর্যন্ত সবার ভালোবাসা পেয়েছি আমি। কিন্তু দু:খ লাগে কিছু মানুষ এই দেশের ভালো চায় না তারা বাংলাদেশ থেকে মিথ্যা অজুহাত দিয়ে অন্য দেশে চলে যায়। তখন আমার ভীষণ কস্ট লাগে। আমরা এই দেশকে এমন সুন্দর করতে চাই যাতে আমেরিকা, কানাডা, জাপান ভারত আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারে এবং আমাদের কাছ থেকে তারা যেন শেখে। 















