বিনোদন ডেস্ক: প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক ও ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সঙ্গে আলোচনা। আবারো শুরু হতে যাওয়া অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান। এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। শফিক রেহমান বলেন, আমার নামের সঙ্গে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। কিন্তু সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ই এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত। আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সঙ্গেই থাকবেন। সপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। তাহমিনা মুক্তা’র প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ১লা ডিসেম্বর থেকে। প্রতি সপ্তাহের রোববার রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।













