আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় কাজ করতে হলে যুক্তরাষ্ট্রসহ বাইরের দেশের গণমাধ্যমগুলোকে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রে ক্রেমলিনের সম্প্রচারমাধ্যম আরটিকে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করতে বলা হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া এই পদক্ষেপ গ্রহণ করেছে।
রাশিয়ার এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লির্বাটিসহ কমপক্ষে ৯ টি সম্প্রচারমাধ্যমের কাজে প্রভাব পড়বে। ক্রেমলিনের গণমাধ্যম আরটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে মধ্যস্থতা করার অভিযোগ রয়েছে। তবে আরটি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
রাশিয়ায় স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সমাজকল্যাণ সংস্থার জন্য এ ধরনের আইন রয়েছে। রাশিয়ার বিচারবিষয়ক মন্ত্রী বিদেশি গণমাধ্যমগুলোকে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ক্রেমলিনের সম্প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে বিদেশি এজেন্ট হিসেবে তারা নিবন্ধন করেছে।
সম্প্রচারমাধ্যম আরটিকে নিবন্ধনের মাধ্যমে প্রমাণ করতে হবে, নিজের দেশের জন্যই তারা সংবাদ পরিবেশন করবে। তবে তারা জানিয়েছে এই নিবন্ধনের বিষয়টি নিয়ে আদালতে চ্যালেঞ্জ করবে। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি রাশিয়া বরাবরই অস্বীকার করে এসেছে। সূত্র: বিবিসি















