রাজশাহী ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা

898

খেলাধুলা ডেস্ক: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই বেশ উজ্জ্বল কুমিল্লা ভিক্টোরিয়ানসের পারফরম্যান্স। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে তারা। চট্টগ্রামে আজ তারা মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংসের। এ ম্যাচ জিতলেই সবার ওপরে উঠে যাবে সাবেক চ্যাম্পিয়ন দলটি। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লার সামনে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচে শুরুটা মোটামুটি ভালোই ছিল রাজশাহীর। দুই ওপেনার স্মিথ ও মুমিনুল হক দলকে বড় সংগ্রহের প্রথম দেখিয়েছিলেন। কিন্তু দলীয় ৪১ রানের মাথায় স্মিথ (১৯) ও ৪৭ রানের মাথায় মুমিনুল (২৩) ফিরে যান। পরে লুক রাইট কিছুটা প্রতিরোধ গড়লেও অন্যরা ছিলেন আসা যাওয়ার দলে। রাইট ৪২ রান করে সাজ ঘরে ফিরেন।

রাজশাহী অধিনায়ক ড্যারেন সামি শেষ দিকে এসে ৪৭ রানের দারুণ একটি ঝড়ো ইনিংস খেলেন। যাতে বল খরচ করেছেন মাত্র ১৪টি। তাঁর এই ইনিংসে একটি চার ও ছয়টি ছক্কার মার ছিল।এই ক্যারিবীয় ক্রিকেটারের চমৎকার এই ইনিংসের ওপর ভর করেই রাজশাহী এই চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

কুমিল্লার পক্ষে সাইফুদ্দিন ৫০ রানে তিন উইকেট পান। আর পাকিস্তানি পেসার হাসান আলী দুটি এবং বাংলাদেশি পেসার আল আমিন হোসেন পান এক উইকেট।

আসরে রাজশাহী অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই। সাত ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে একেবারেই তলানিতে আছে। স্বাভাবিক কারণে এ ম্যাচে মুশফিক-মিরাজদের চেষ্টা থাকবে ঘুরে দাঁড়ানোর।

তবে শক্তির বিচারের অনেকটাই এগিয়ে থাকবে কুমিল্লা। দেশি-বিদেশি সংগ্রহে তারা দারুণ একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে। যার ফলও পাচ্ছে। আসরে এখন পর্য়ন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে তারা। বাকি পাঁচটিতেই জয় তুলে নিয়েছে।

সে হিসেবে রাজশাহী অনেকটাই পিছিয়ে আছে বলা যায়। দলের সামর্থ্য খুব একটা খারাপ না হলেও মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না তারা। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে মুশফিকুর রহিমের দলটি। জিতেছে মাত্র দুটি ম্যাচ।