ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের একটি ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহত আইনজীবীর নাম ওমর ফারুক বাপ্পী (৪০) ।
বাড়ির মালিকের বরাত দিয়ে চকবাজার থানার ওসি নূরুল হুদা জানান, এক নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন। গেলো বৃহস্পতিবার ওই নারী বাসায় উঠেন। শনিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে বাসার মালিক পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে। ভাড়াটিয়া ওই নারীকে বাসায় পাওয়া যায়নি। তার পরিচয়ও জানাতে পারেননি বাড়ির মালিক।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কেন বাপ্পীকে হত্যা করা হয়েছে, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।















