ওয়ানবাংলানিউজ: লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। উড়ন্ত ফ্লাইট যখন আকাশে মেঘের ভেতর দিয়ে যায়, সাধারণত তখনই সব চেয়ে বেশি টার্বুলেন্স, অর্থাৎ ঝাঁকুনির ঘটনা ঘটে। প্রাণ হারানো যাত্রী একজন ব্রিটিশ নাগরিক। তাঁর নাম জেফ কিচেন। ৭৩ বছর বয়স্ক জেফ কিচেন গ্লস্তারশায়ারের বাসিন্দা ছিলেন। ওই ফ্লাইটের আরও অন্তত ৫০ জন আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, এসকিউ ৩২১ ফ্লাইটটি যে উচ্চতায় উড়ছিল, সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে দ্রুত গতিতে করে ১৮০০ মিটার নিচে নেমে আসে। বিমানটি তখন সবেমাত্র বঙ্গোপসাগর অতিক্রম করে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। কিন্তু ব্যাঙ্ককের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ব্যাংককে জরুরী অবতরণ করে।
ব্যাংককে অবতরণ করার পর আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যান এম্বুলেন্স কর্মীরা। মধ্য আকাশে প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টির মাত্র কিছুক্ষণ আগে যাত্রীদের সকালের নাস্তা পরিবেশন করা হয়েছিল। ব্যাংককে জরিরী অবতরণের পর মোবাইল ফোনে তোলা ছবি দেখে ধারনা করা যায়, ভেতরে কী বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
আরেকজন যাত্রী জেরি। তিনি পরিবার নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তিনি জানান, প্লেনের ভেতরে বসে থাকা যে যাত্রীদের সিটবেল্ট বাঁধা ছিল না, প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে তাদের মাথা গিয়ে ধাক্কা মারে প্লেনের ছাদে। কয়েকজনের মাথা গিয়ে ধাক্কা মারে মাথার উপরে ব্যাগেজ কেবিনে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ওই ফ্লাইটে মোট ২১১জন যাত্রী ও ১৮জন ক্রু ছিলেন। নিহত যাত্রীর পরিবারের প্রতি এয়ারলাইনের পক্ষ থেকে গভীর সমবেদনাও ব্যক্ত করা হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ফ্লাইটের মোট ৩১জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাদবাকি যাত্রী ও ক্রু মেম্বারদের ব্যাঙ্ককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরেই পরীক্ষা করে দেখা হয়েছে এবং যার যেমন দরকার সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে।
সবশেষ খবরে জানা গেছে, অন্য একটি ফ্লাইটে সুস্থ যাত্রীদের ব্যাংকক থেকে সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছে।















