টাওয়ার হ্যামলেটসে পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছে সরকার, আবারো বিপাকে মেয়র লুতফুর

171

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কিভাবে পরিচালিত হচ্ছে তা দেখতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কাউন্সিল পরিচালনা নিয়ে উদ্বেগের সৃস্টি হলে সরকার এই সিদ্ধান্ত গ্রহন করেন।

মেয়র লুৎফুর রহমানের অধীনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার পর, কাউন্সিলে সরকারী পরিদর্শকদের পাঠানো হচ্ছে। কাউন্সিলের অর্থ কীভাবে ব্যয় করা হয় এবং কাউন্সিলের শীর্ষ পদের চাকুরিতে কীভাবে নিয়োগ দেয়া হয়- এসব বিষয় সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন সরকারের পাঠানো পরিদর্শকেরা।সরকারের পক্ষ থেকে পরিদর্শক পাঠানোর খবরে হতাশা প্রকাশ করে লুতফুর রহমান বলেছেন, তিনি পরিদর্শকদের সহযোগিতা করতে ইচ্ছুক।

সরকারের পাঠানো পরিদর্শকেরা কাউন্সিলের বাজেট, আর্থিক পরিকল্পনা, সিনিয়র ম্যানেজমেন্ট পদে নিয়োগ, পলিসি এডভাইজারদের কীভাবে কাজে লাগানো হয় এবং গ্রান্ট বিতরণের নীতি এবং কীভাবে তা বাস্তবায়ন হয়- এসব বিষয় মূল্যায়ন করবেন।

লন্ডনের একটি কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী কিম ব্রমলি-ডেরি পরিদর্শক দলের নেতৃত্ব দেবেন। মে মাসের শেষের দিকে সরকারের কাছে মূল্যায়ন রিপোর্ট জমা দেবে পরিদর্শক দল। মেয়র লুতফুর রহমান দায়িত্ব গ্রহণের পর শীর্ষ পদের অনেক কর্মকর্তা চাকুরী ছেড়ে চলে যাওয়ায় সরকারের লেভেলিং-আপ, হাউজিং এন্ড কমিউনিটিজ ডিপার্টমেন্টে উদ্বেগ সৃষ্টি হয়। কাউন্সিলে বর্তমানে সিনিয়র ম্যানেজমেন্টের তিনটি পদ খালি। এছাড়া চারটি ডায়রেকটার পদের জন্যও প্রার্থী খুঁজছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। কাউন্সিলের আইনি বিষয় দেখাশোনা করেন মনিটরিং অফিসার। সম্প্রতি তিনিও চাকুরী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।