খেলাধুলা ডেস্ক: মুস্তাফিজ এখন আর আগের মতো নেই। সর্বনাশা ইনজুরি কেড়ে নিয়েছে মুস্তাফিজের স্বকীয়তা। কাটার-স্লোয়ারে আর ইয়র্কারে ব্যাটসম্যানরা ভ্যাবাচ্যাকা খাচ্ছেন না। বলতে গেলে, নখদন্তহীন বাঘে পরিণত হয়েছেন টাইগার পেস সেনসেশন। ক্রিকেটে ফর্ম সাময়িক বিষয়। এই কারণে মুস্তাফিজকে আবার পুরোনো ছন্দে দেখতে মুখিয়ে আছেন টাইগারভক্তরা। এবারের বিপিএলেই দেখা যাবে পুরোনো মুস্তাফিজকে। আগামী শনিবার তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। এমন আশা করছেন খোদ মুস্তাফিজই।
বিপিএলের তৃতীয় পর্ব খেলতে চট্টগ্রামে রয়েছে রাজশাহী কিংস। ভালো অবস্থায় নেই মুস্তাফিজের দল। সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে তাঁর দল। জয়ে ফিরতে মুস্তাফিজকে পেতে উদগ্রীব রাজশাহী। মুস্তাফিজও চাইছেন মাঠে ফিরতে। চট্টগ্রামে অনুশীলনে বল করেছেন কাটার মাস্টার। পাঁচ ওভার বল করেছেন তিনি। বল করার পর কোনো সমস্যা অনূভূত হয়নি তাঁর।
অনুশীলন শেষে মুস্তাফিজ বলেন, ‘আপাতত কোনো সমস্যা নেই। আশা করছি সামনের ম্যাচটাই খেলব।’
মুস্তাফিজকে সুস্থ দাবি করেছেন জাতীয় দল ও রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। তাঁকে মাঠে নামার মতো অবস্থায় আনতে সবকিছুই করেছি আমরা। সবগুলো পরীক্ষাতে উতরে গেছে সে। খেলার মতো ফিটও রয়েছে। নেটে বল করেছে। আগের মতোই গতি রয়েছে তাঁর। আশা করি কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবে মুস্তাফিজ।’
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ফলে দক্ষিণ আফ্রিকা সফরটা অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে তাঁকে। ইনজুরির কারণে এবার বিপিএলের প্রথম দুটি পর্ব মিস করেছেন এই পেসার। দেখা যাক, মুস্তাফিজ-ভাগ্যে রাজশাহী কিংসের ভাগ্য বদলায় কি না!















