ঢাকা সংবাদদাতা: বেশ কয়েক দিনের প্রচন্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ অতিষ্ঠ হওয়ার পর দেখা মিলল বৃষ্টির। গুড়ি গুড়ি বৃষ্টি নয়, এ যেন স্বস্তি আর শান্তির সুবাতাস। মুহূর্তের মধ্যে উত্তপ্ত ঢাকায় ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এতে রাজধানী ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা ১ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এর আগে বিকাল পাঁচটার দিকে রাজধানীতে ঝড়ো হাওয়ায় তাপমাত্রা কিছুটা কমতে থাকে।
এরই সাথে রাজধানীবাসীর জীবনে স্বস্তির নিঃশ্বাস দেখা দেয়। ঢাকা শহরের আশ পাশেও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। দুপুরে গাজীপুরের পূবাইল এলাকায় হালকা বৃষ্টি হয়। এদিকে সারা দেশের ধর্ম প্রাণ মুসল্লিরা দুপুরে জুম্মার নামাযের পর মসজিদে মসজিদে বৃষ্টির জন্য প্রার্থনা করে বলে খবর পাওয়া গেছে। দেশের কোথাও কোথাও বৃষ্টির জন্য এস্তেকার নামাজ ও বিশেষ মোনাজাতের খবরও পাওয়া গেছে।
জানা যায়, চলতি বছর রাজধানী সহ সারা দেশের রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায়। বিষুব রেখার প্রভাবে ঢাকাসহ দক্ষিণ অঞ্চল বিশেষ করে যশোর, খুলনা ও সাতক্ষীরায় তাপমাত্রা সবচেয়ে বেশী ছিল বলে জানা যায়। তবে গতকাল ঢাকার তাপমাত্রা কিছুটা কমে আসে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা বৃহস্পতিবার ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে আজ হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় খুলনার তাপমাত্রা ৩৭ দশমিক ৭ থেকে কমে হয়েছে ৩৬ দশমিক ৪, বরিশালে ৩৬ দশমিক ২ থেকে ৩৬, রাজশাহীতে ৩৭ থেকে কমে ৩৫ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ২ থেকে ৩০ দশমিক ৩, চট্টগ্রামে ৩৫ দশমিক ৮, সিলেটে ৩৪ দশমিক ৮ থেকে ৩১ দশমিক ৪ এবং ময়মনসিংহে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা কমার কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকার আশপাশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ কারণে গরম কমেছে।















