ওয়ানবাংলানিউজ: একবার ব্যবহার করে ফেলে দেয়া যায়, ব্রিটেনে এমন ভেইপের জনপ্রিয়তা মহামারীর পর বেড়েছে। শতাধিক ধরনের ফ্লেভারে পাওয়া যায় এসব ভেইপ, যেগুলোতে কয়েক শ’ টান দেয়া যায়। শেষ হয়ে গেলে এসব ভেইপ আবর্জনা হিসেবে ফেলে দেয়া হয়। ফেলে দেয়া এসব ভেইপের অনেকগুলো মিশে যায় গৃহস্থালির আবর্জনার সাথে। প্লাস্টিক, কপারের তৈরি তার এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি হওয়ার কারণে পণ্যটি রিসাইকেলের জন্য বেশ জটিল। রিসাইকেল সেন্টারের কনভেয়ার বেল্টে যাওয়ার সময় প্রায়ই অগ্নিকাণ্ড হয় ডিসপজেবল ভেইপের কারণে। ফলে সাময়িকভাবে কাজ বন্ধ করে দিতে হয়। এই প্লান্টের মালিক ভিওলিয়া জানায়, ভেইপ এবং অন্যান্য ব্যাটারির কারণে প্রতিদিন অন্ততঃ একটি আগুণের ঘটনা ঘটে।
ডিসপজেবল ভেইপ ব্যবহারের পর ফেলতে হয় নির্দিষ্ট একটি বিনে। পরে এসব ভেইপ হাতে রিসাইকেল করতে হয়। যেসব দোকানে ভেইপ বিক্রি হয় সেখানে এরকম একটি বিশেষ বিন রাখতে হয়। কিন্তু অনেক দোকানেই এমন বিন রাখা হয়না।
যেখানে সেখানে ব্যবহৃত ভেইপ ফেলার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এক গবেষণায় জানা গেছে, ব্রিটেনে প্রতি সেকেন্ডে ৮টি ভেইপ ফেলে দেয়া হচ্ছে। এক বছরে বিনে ফেলা ভেইপের সংখ্যা ৪ গুন হয়েছে, যা এক সপ্তাহে ৫ মিলিয়ন। আর এসব ভেইপ রিসাইকেল করতে বছরে খরচ হতে পারে ২শ মিলিয়ন পাউন্ডের মতো।
ভেইপ প্রস্তুতকারী শিল্পের সাথে জড়িতরা বলছেন, রিসাইকেল করতে সহজ হয়, এমনভাবে এসব ভেইপ তাঁরা উৎপাদন করেন। পাশাপাশি রিসাইকেল বিনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। কিন্তু কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ভেইপকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আহবান জানাচ্ছেন।
তবে জনস্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট সকলে ভেইপকে নিষিদ্ধ করার পক্ষে নন। অনেকেই ভেইপকে তামাকের ভালো বিকল্প হিসেবে বিবেচনা করেন। পাশাপাশি ধাপে ধাপে ধূমপান ত্যাগ করার জন্যও ভেইপ সহায়ক বলে মনে করেন তাঁরা। তবে স্কটল্যান্ডের সরকার নিকট ভবিষ্যতে ডিসপজেবল ভেইপ নিষিদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু আবর্জনা ব্যবস্থাপনায় ভেইপকে আরও কার্যকরভাবে রিসাইকেল করার উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত দেশের অন্যান্য স্থান থেকে সরকারের ওপর চাপ বাড়তে থাকবে।















