ওয়ানবাংলানিউজ: সারা শরীফকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সারাহর পিতা আরফান শরীফ, সৎ মা বিনাশ বতুল ও সারাহর চাচা ফয়সাল মালিককে। পাকিস্তান থেকে দুবাই হয়ে লন্ডনের গেটউইক বিমানবন্দরে এসে অবতরণের পর বুধবার রাত পৌনে ৮টার দিকে সারি পুলিস তাদেরকে গ্রেফতার করে। সারাহর এই তিন আত্মীয় এখন পুলিসের জিম্মায় আছেন; যথাসময়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিস। সারা শরীফের লাশ উদ্ধারের পাঁচ সপ্তাহ পর পাকিস্তান থেকে ব্রিটেনে ফিরে এলেন সারাহর পিতা আরফান শরীফ, সৎ মা বিনাশ বতুল ও সারাহর চাচা ফয়সাল মালিক। সারাহ শরীফের মৃত্যুর কারণ তদন্তে সারি পুলিস এই তিন জনকে খুঁজছিল। সারাহ এই তিন জনের সাথে একই বাড়িতে বসবাস করতো। ইংল্যান্ডের সারি কাউনটির ওকিং এলাকার বাড়ি থেকে পুলিস গত ১০ অগাস্ট ১০ বছরের মেয়ে সারাহ শরিফের লাশ উদ্ধার করে। ওকিং এলাকার শাহজাহান মসজিদের ইমাম তিন জনের ফিরে আসার খবরে সন্তোষ প্রকাশ করেছেন।

আরফান শরীফ, বিনাশ বতুল ও ফয়সাল মালিকের খোঁজে পাকিস্তানের ঝেলাম শহরে অনেক তল্লাশি অভিযান চালায় পাকিস্তানের পুলিস। তাদের আত্মীয়-স্বজনকেও জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাদের পাওয়া যায়নি। ঝেলাম শহরে সারাহ শরীফের দাদার বাড়িতে সারাহর ৫ ভাই-বোনকে খুঁজে পায় পুলিস। আদালতের নির্দেশে তাঁরা এখন পাকিস্তান সরকারের হেফাজতে আছে।
ঘটনার ধারাবাহিকতায় জানা যায়, গত ৮ অগাস্ট আরফান শরীফ তাঁর পরিবারের জন্য পাকিস্তানে যাওয়ার এয়ারলাইনের টিকিট কেনেন। পরের দিন ৯ অগাস্ট সারাহর ৫ সহোদরকে নিয়ে পাকিস্তানে চলে যান সারাহর পিতা আরফান শরীফ, সৎ মা বিনাশ বতুল ও সারাহর চাচা ফয়সাল মালিক। ১০ তারিখ সারি কাউনটির ওকিং এলাকার পরিবারের বাড়ি থেকে সারাহর লাশ উদ্ধার করে পুলিস। ৯ অগাস্ট রওয়ানা দিয়ে ১০ অগাস্ট পাকিস্তান পৌঁছায় সারাহর পরিবার।ধারনা করা হচ্ছে পাকিস্তানের ঝেলাম শহরে তাঁরা বেশ কয়েক দিন অবস্থান করে। ১৫ অগাস্ট, ইন্টারপোলের মাধ্যমে পাকিস্তান পুলিস একটি নির্দেশনা পায়।নির্দেশনায় বলা হয়, আরফান শরীফ, বিনাশ বতুল ও ফয়সাল মালিককে খুঁজে বের করতে। কিন্তু পাকিস্তান পুলিস তাদেরকে খুঁজে পায়নি। গত বুধবার একটি ভিডিও বার্তা পাঠানো হয় বিবিসির কাছে। এতে সারাহর সৎ মা বলেন, সারাহর মৃত্যু ছিল একটি ইন্সিডেন্ট এবং ব্রিটিশ পুলিসকে এই মৃত্যুর তদন্তে তাঁরা সহযোগিতা করতে চান। ধারনা করা হচ্ছে, পুলিস প্রশাসন এবং আত্মীয়-স্বজনের চাপের মুখে ব্রিটেনে ফিরে আসতে বাধ্য হয়েছেন আরফান শরীফ, বিনাশ বতুল ও ফয়সাল মালিক। পাঞ্জাবের শিয়ালকোট বিমানবন্দর থেকে তাঁরা দুবাই হয়ে লন্ডন আসেন। তাদেরকে পাকিস্তান পুলিস গ্রেফতার করেনি। লন্ডনের গেটউইক বিমানবন্দরে এসে অবতরণের পর সারি পুলিস তাদেরকে গ্রেফতার করে। কিন্তু ১১ সেপ্টেম্বর সারাহর দাদার বাড়ি থেকে তাঁর যে ৫ ভাই-বোনকে উদ্ধার করে আদালতের নির্দেশে সরকারি জিম্মায় রাখা হয়েছে, পুরো ঘটনার কেন্দ্রবিন্দু এখন সেখানে।















