আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসলামিক স্টেটের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি বলেন সিরিয়া থেকেও আইএসকে খতম করে দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
ইরানের রেভ্যুলেশনারি গার্ডসের একজন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলেইমানিও একই ঘোষণা দিয়েছেন। তিনি দেশটির সর্বোচ্চ নেতাকে এক ম্যাসেজের মাধ্যমে এটি জানিয়েছেন বলে মঙ্গলবার রেভ্যুলেশনারি গার্ডসের সেপাহ নিউজ সাইট খবর প্রকাশ করে।
গেলো সপ্তাহে ইরানের মিডিয়াগুলো সিরিয়া পূর্বাঞ্চলীয় শহর আলবু কামালে কুদস ফোর্সের প্রবেশের ছবি প্রকাশ করে। মঙ্গলবার সুলেইমানি বলেছেন, ওই অঞ্চলে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকা ছিল আলবু কামাল। সেটিও এখন তাদের দখলে।
মেজর জেনারেল সুলেইমানি কুদস ফোর্সের নেতৃত্বে রয়েছেন। কুদস ফোর্স ইরানের সীমান্তের বাইরে কোনো অপারেশন হলে তাতে অংশ নিয়ে থাকে। ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই করেছে কুদস ফোর্স।
ইরানের রেভ্যুলেশনারি গার্ডস দেশটির সবচেযে শক্তিশালী সামরিক শক্তি। যারা গেলো কয়েক বছর ধরে সিরিয়ায় আসাদ সরকার এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের সর্মথনে লড়াই চালিয়ে যাচ্ছে।
সিরিয়া ও ইরাকে এই লড়াইয়ে রেভ্যুলশনারি গার্ডসের কয়েকজন সিনিয়র কমান্ডারসহ সহস্রাধিক সেনা নিহত হয়েছে।















