দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

107

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী ৮ সেপ্টেম্বর বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘ টালবাহানার পর এ বৈঠকের সময় চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই হবে শেষ দ্বিপক্ষীয় বৈঠক। সে কারণে এ বৈঠক নিয়ে যথেষ্ট আগ্রহ দুই দেশেই রয়েছে। কিন্তু বৈঠকে দুই দেশের মধ্যে কোনো চুক্তি কিংবা প্রকল্পকেন্দ্রিক বিশেষ বোঝাপড়া কী হবে, তা এখনো নিশ্চিত নয়। যদিও কিছুদিন ধরেই দুই দেশের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ ও দুই দেশের বাণিজ্য রুপিতে করার জন্য ‘জিটুজি রুপি লোন’ নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে দিল্লি সম্মেলনে যাওয়ার আগে ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফরাসি প্রেসিডেন্ট ঢাকা সফরের সূচি নির্ধারণের পর সরকারপ্রধানের ঢাকা ও দিল্লির বৈঠকের সূচিরও পরিবর্তন ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।