খেলাধুলা ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্ক ছিন্ন করলেন ডেভিড ডি গেয়া। ওল্ড ট্রাফোর্ডকে বিদায় জানিয়ে দিলেন এ তারকা গোলরক্ষক । গত মাসে ওল্ড ট্র্যাফোর্ডে চুক্তির মেয়াদ শেষ হয় ডি গেয়ার। মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ইউনাইটেড বিবৃতি দিয়ে বলেছিল, ভবিষ্যৎ নিয়ে ৩২ বছর বয়সী গোলরক্ষকের সঙ্গে আলোচনা চলছে তাদের। চুক্তি নবায়ন নিয়ে আলোচনার খবর এসেছিল আগেও। শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখলো না। ওল্ড ট্রাফোর্ডে ১২ বছরের অধ্যায়ের ইতি টেনে দিলেন স্প্যানিয়ার্ড গোলরক্ষক।
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ডি গেয়াকে ম্যানচেস্টার ইউনাইটেডে টেনে নিয়েছিলেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ইউনাইটেডের জার্সি গায়ে খেলেছেন ৪৪৫ ম্যাচ, ক্লিনশিট ১৯০টি। দুটিই কিপার হিসেবে ক্লাব রেকর্ড। ক্যারিয়ারে ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ, ইউরোপা লীগ, এফএ কাপ ও দুটি লীগ কাপ জিতেছেন ডি গেয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনাইটেড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ডি গেয়া।
সমর্থনের জন্য সবাইকে জানান ধন্যবাদ। তিি লিখেছেন, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি।’
চারবার ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ডি গেয়া। সবশেষ মৌসুমে প্রিমিয়ার লীগে ১৭ ম্যাচে জাল অক্ষত রেখে দ্বিতীয়বারের মতো জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ খেতাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এখন নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। বলেন, ‘নতুন চ্যালেঞ্জ গ্রহণের, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’
ইংলিশ মিডিয়ার খবর, ইন্টার মিলানে থাকা ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে টানতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।















