খেলাধুলা ডেস্ক: নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন তামিম ইকবাল। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন ডেকে বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে এবং সেটি কার্যকর আজ থেকেই। তার মানে চলতি আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডেতেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করেছে তামিমকে এ সিদ্ধান্ত থেকে নিবৃত্ত করতে। কিন্তু তামিম সে অনুরোধে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত অবসরের ঘোষণাই দিলেন। তবে তাঁর অবসর নিয়ে এখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিসিবি দেবে না। তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনার প্রধান জালাল ইউনুস মুঠোফোনে প্রথম আলোকে আজ বলেছেন, ‘এ নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। আমরা বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব, তামিমের সঙ্গেও কথা বলব। তারপর ৮ জুলাই এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’
তামিমের পরিবর্তে আফগানিস্তান সিরিজের শেষ দুই ওয়ানডেতে কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন, সে ব্যাপারেও কিছু বলেননি জালাল ইউনুস। সে সিদ্ধান্ত কাল নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে চলতি সিরিজে যেহেতু অলিখিতভবে লিটন দাস সহ–অধিনায়ক, ফলে বাকি দুই ম্যাচে তাঁরই নেতৃত্ব দেওয়ার কথা।
আফগানিস্তান সিরিজ কাভার করতে চট্টগ্রামে আসা সাংবাদিকদের পরশু রাতেই তামিম জানান, আজ দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে কিছু কথা জানাতে চান। এর পর থেকেই কৌতূহল—কী বলতে পারেন তামিম? বিভিন্ন সূত্রে প্রথম আলো অবশ্য কাল রাতেই জানতে পারে, তামিম তাঁর ক্যারিয়ার নিয়ে বড় কোনো সিদ্ধান্তই নিতে যাচ্ছেন। সেটি হতে পারে ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো অথবা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় বলে দেওয়া।















