ফিলিস্তিনিদের হামলায় ৪ ইসরাইলি নিহত

155

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি হামলাকারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত চার ইসরাইলি নাগরিক। মঙ্গলবার পশ্চিম তীরের একটি ইসরাইলি বসতিতে এই হামলা হয়। হামলায় আরও সাত ইসরাইলি আহত হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, এই হামলার দায় স্বীকার করেছে গাজার সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটি জানিয়েছে, এক দিন আগে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলের অভিযানের জবাব দিতেই হামাস চার জনকে হত্যা করেছে। ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং প্রায় একশ জন আহত হয়েছিল।

বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, মঙ্গলবারের হামলায় অন্তত দুই জন সশস্ত্র হামলাকারী যুক্ত ছিল। তারা ‘এলি বসতি’তে প্রবেশের পর এম-১৬ এসল্ট রাইফেল দিয়ে গুলি ছোড়ে। এসময় তাদের সঙ্গে একটি কালো শেভ্রোলেট গাড়ি ছিল। সেখান দিয়ে হাটতে থাকা ইহুদিদের টার্গেট করে হামাস সদস্যরা। এছাড়া একটি রেস্টুরেন্টেও গুলির খবর পাওয়া গেছে।

হামলাকারীদের মধ্যে একজন এক সেটলারের গুলিতে নিহত হয়েছে। অপরজন তার গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ইসরাইলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।

হামাসের ওই রক্তাক্ত প্রতিশোধের পর পশ্চিম তীরজুড়ে বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। হামলার পর থেকেই স্থানীয় ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে ছোটখাট সংঘাত দেখা যাচ্ছে। নাবলুস-রামাল্লাহ সড়কে ইসরাইলি সেটলাররা ফিলিস্তিনিদের গাড়িতে আক্রমণ করেছে বলে খবর পাওয়া গেছে