নির্বাচন এলেই জাতীয় পার্টিকে নিয়ে শুরু হয় ষড়যন্ত্র: সালমা ইসলাম

138

ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, নির্বাচন এলেই জাতীয় পার্টির বিরুদ্ধে শুরু হয় নানা ধরণের শত্রুতা ও গভীর ষড়যন্ত্র। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারণ ঘুমের ঘরে চুরি বা ডাকাতি হয়। আর জাগ্রত ঘরে চুরি বা ডাকাতি হয় না। এ শত্রুতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার রাজধানীর উপকণ্ঠে নবাবগঞ্জের বর্ধণপাড়া এলাকায় ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সালমা ইসলাম।

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। দেশের মানুষ ক্ষমতার পটপরিবর্তন চায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস ও বিদ্যুৎ বিপর্যয়ে দেশবাসী ফুঁসে উঠেছে। এ সরকারের প্রতি এ দেশের জনগণের কোনো আস্থা বা বিশ্বাস নেই।

তিনি বলেন, জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি ছাড়া এদেশে কেউ শান্তি নিয়ে আসতে পারবে না। বর্তমানে মানুষের মাঝে কোনো শান্তি নেই। জনগণের মাঝে সুখ শান্তি প্রতিষ্ঠায় ফের জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে।