মেসি নয়, আমিই ব্যালন ডি’অর জিতেছি: রোনালদো

608

খেলাধুলা ডেস্ক: অনন্য ফুটবল নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে প্রতিবছর সেরা খেলোয়াড়কে দেয়া হয়ে থাকে ব্যালন ডি’অর। ফুটবলের সবচেয়ে মর্যাদার এ পুরস্কার এবার দেয়া হবে আগামী ৭ ডিসেম্বর। এরই মধ্যে নাকি সেই পুরস্কার বিজয়ীর নাম ফাঁস হয়ে গেছে। কয়েকদিন আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর তা জানিয়েছে, ‘এবার ব্যালন ডি’অর জিতছেন লিওনেল মেসি।’

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাল সম্পূর্ণ ভিন্ন তথ্য, ‘মেসি নয়, এবারো এ পুরস্কার শোকেসে ভরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।’
এরই মধ্যে এ বিষয়ে অবহিত হয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। তা জেনে নাকি মোটেই কালবিলম্ব না করে তৎক্ষণাৎ ফোন দেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে। খুদে জাদুকরকে তিনি বলেন, ‘এই যে, এবারো আমি ব্যালন ডি’অর জিতছি। তুমি খুশি তো।’ এমন খবর শোনার পর তাকে নাকি অভিনন্দনও জানিয়েছেন আর্জেন্টাইন যুবরাজ।
গেলো ১ দশক ধরে ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিচ্ছেন মেসি-রোনালদো। মাঝে একবারই তা বগলদাবা করেন ব্রাজিল সাবেক ফুটবল সুপারস্টার কাকা।

সদ্যই ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন রোনালদো। এ নিয়ে পাঁচবার তা জেতা মেসিকে ধরে ফেলেছেন তিনি। তার দাবি অনুযায়ী, এবার ব্যালন ডি’অর জয়ের দিক দিয়েও বার্সেলোনা প্রাণভোমরাকে ছুঁয়ে ফেলছেন পর্তুগিজ উইঙ্গার।

সেই ১৯৫৬ সাল থেকে প্রতিবছর বর্ষসেরা ফুটবলারকে ব্যালন ডি’অর প্রদান করে আসছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। আগামী বছর তা কে পেতে পারেন-রোনালদোর বরাত দিয়ে তাও জানিয়েছে ডন ব্যালন, ‘পরেরবার এ পুরস্কার পেতে পারেন মেসি।’
অবশ্য বার্সার আর্জেন্টাইন সুপারস্টারের সাম্প্রতিক পারফরম্যান্সও এর পক্ষে সাফাই গাইছে। চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি। ১৭ ম্যাচে করেছেন ১৬ গোল। সেখানে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন রোনালদো।