মাইগ্রেশন কমাতে ব্রিটেনেই দক্ষ কর্মী তৈরী করতে চান সুয়েলা ব্রাভারম্যান

98

ওয়ানবাংলানিউজ: লন্ডনের ওয়েস্টমিন্সটারে সোমবার কনজারভেটিভ, অর্থাৎ রক্ষণশীল আদর্শের প্রচারকদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এটি ব্রিটেনের কনজারভেটিভ দলের কোনো সম্মেলন ছিলনা। এই সম্মেলনের আয়োজন করে আমেরিকার একটি ডানপন্থি গ্রুপ। এই গ্রুপ নিয়ন্ত্রিত ইমিগ্রেশনের সমর্থক। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ব্রিটেনের ইমিগ্রেশনের নতুন পরিসংখ্যান। ধারনা করা হচ্ছে, এই পরিসংখ্যানে রেকর্ড ইমিগ্রেশনের সংখ্যা জানা যাবে। সম্মেলনে হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যানের আগে বক্তব্য রাখেন টোরি দলের সিনিয়র এমপি জ্যাকব রীজ মগ। উভয়ের বক্তব্য ব্যহত করেন পরিবেশবাদী সংগঠন এক্সটিংশন রেবেলিয়নের তিন সদস্য। এই সংগঠনের সদস্যরা মনে করেন দেশের সিনিয়র রাজনীতিবিদেরা ক্রমবর্ধমান প্রবণতায় বিপদজনক রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তাঁরা হোম সেক্রেটারির ইমিগ্রেশন নীতিকে ‘ফ্যাশিষ্ট আদর্শ’ মনে করেন।

হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান সম্মেলনে বলেন, মাইগ্রেশন কমাতে ব্রিটেন নিজেদের লরি ড্রাইভার এবং ফলের বাগানের জন্য ফ্রুট পিকার তৈরি করতে হবে। তিনি বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ করতে চাওয়া বর্ণবাদী কাজ নয়।

নেত মাইগ্রেশন হলো, ব্রিটেনে প্রবেশ করা মানুষের সংখ্যা থেকে বেরিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাদ দিলে যা থাকে, সেই সংখ্যা। গত অনেক বছর ধরে কনজারভেটিভ সরকার বলে নেত মাইগ্রেশন বছরে ১ লাখের নীচে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রতি বছরই তাঁরা ব্যর্থ হচ্ছে। মহামারির সময়ে অবশ্য মাইগ্রেশন কমে এসেছিল। কিন্তু এর পর আবার দ্রুত গতিতে বেড়েছে।

সমস্যা হলো কৃষি খামার সহ ব্রিটেনের নানা খাতের ব্যবসায়ীরা কর্মী পাচ্ছেন না। এর একটা কারণ, ব্রিটেনে এখন বেকার মানুষের সংখ্যা খুব কম। অনেকে বলছেন, ব্যবসা টিকিয়ে রাখতে তাদেরকে বিদেশী কর্মী নিয়োগ করতে হবে।

ইমিগ্রেশন নিয়ন্ত্রণ এবং কর্মী সংকট দূর করার কাজে সরকারের ব্যর্থতা, সরকারের মন্ত্রীরাই স্বীকার করেন। সরকারের এই কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার সুযোগ হাতছাড়া করলেন না লেবার নেতা।

ইমিগ্রেশন নিয়ে আগামী কয়েক সপ্তাহ অনেক আলোচনা এবং বিতর্ক চলবে।