রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন।
বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বালিয়াঘাট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল করিম (৩৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩০)। উপজেলার নারায়ণপুর গ্রামে তাদের বাড়ি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী বলেন, দুপুর দেড়টার দিকে বালিয়াঘাট্টা এলাকায় একটি ট্রাক ও একটি ভটভটির (শ্যালো মেশিনচালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ঘটনাস্থলেই মারা যান আবদুল করিম। এক শিশুসহ আহত চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিহত করিমের স্ত্রী শারমিনকেও মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। সেটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।















