জঙ্গি হামলায় আহতদের দেখতে হাসপাতালে রানি এলিজাবেথ

1417

ওয়ানবাংলা নিউজ: ব্রিটেনের ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডির কনসার্টে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। হামলায় আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে বৃহস্পতিবার রানি রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেনস হাসপাতালে এ পরিদর্শনে যান।

৯১ বছরে পা দেয়া রানি হেঁটে হেঁটে হাসপাতাল ঘুরে দেখেন। ব্রিটেনের সবচেয়ে সম্মানিত এ মানুষটি কথা বলেন এমি বার্লো (১২), এভি মিলস (১৪), মিলি রবসন (১৫) এর মতো স্কুলছাত্রীদের সঙ্গে, যারা ওই হামলায় আহত হয়েছিল।

বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য এসময় রানি হাসপাতালের স্টাফ ও প্যারামেডিকদের ধন্যবাদ জানান।

সোমবার ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডির কনসার্টে আত্মঘাতী হামলায় ঘাতকসহ ২৩ জন নিহত হয়। হতাহতদের বেশিরভাগই শিশু ও তরুণ-তরুণী। আহত ৭৫ জনকে স্থানীয় আটটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৫ জন শিশুকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেনস হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বেশ কয়েকজন শিশু ও কিশোরী।

রানি এলিজাবেথ আহত স্কুলছাত্রীদের পাশাপাশি হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। রানিকে কাছে পেয়ে আহত স্কুলছাত্রীদের মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়।

এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি বা দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রাণী ও রাষ্ট্র প্রধান। কমনওয়েলথ রাষ্টসমূহ হচ্ছে: যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জামাইকা, বারবাডোস, বাহামাস, গ্রেনাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বার্বুডা এবং সেন্ট কিট্‌স ও নেভিস। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ অফ নেশনসেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অফ ইংল্যান্ডেরও প্রধান। সূত্র:এপি