ক্যাশ মেশিন থেকে প্রায় ৫শ হাজার পাউন্ড চুরি

219

ওয়ানবাংলানিউজ: ক্যাশ মেশিন থেকে প্রায় ৫শ হাজার পাউন্ড চুরি করার দায়ে ইংল্যান্ডের চেশায়ার কাউনটি এলাকার একটি সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের চার পুরুষ সদস্যকে কারাদণ্ড দিয়েছেন লিভারপুল ক্রাউন কোর্ট। চুরি করা গাড়িতে চুরি করা নাম্বার প্লেইট লাগিয়ে রাতের বেলা ১৯টি ক্যাশ মেশিন থেকে চুরি করেন এই অপরাধী চক্র।

আধুনিক যন্ত্রপাতি দিয়ে এটিএম মেশিনের চারদিক কেটে নিতো তাঁরা। এরপর তাঁরা পুরো মেশিন দোকান থেকে টেনে বের করে নিতো। চেশায়ার সহ দেশের বিভিন্ন স্থানে তাঁরা একই ধরনের অপরাধ করে। এই অপরাধগুলো করতে সঙ্ঘবদ্ধ এই চক্র প্রায় ২০টি গাড়ি চুরি করে।

এই চক্রকে ধরতে জটিল এবং কঠিন এক অভিযান পরিচালনা করে চেশায়ার পুলিস।

আরথার গাস্কিন, ক্রাইমিয়া প্রাইস, জন প্রাইস ও লী লেথারবারো- এই চার জন মিলে প্রায় ৫শ হাজার পাউন্ড চুরি করেছেন। তাদের সবাইকে সর্বমোট ২৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০২২ সালের ১১ মার্চ থেকে একই বছরের ৭ জুলাই পর্যন্ত ১৯টি ক্যাশ মেশিন চুরি করে অপরাধী চক্র। লেসটারশায়ারের একটি গ্রামে সর্বশেষ চুরির ঘটনা ঘটিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধাওয়া করে পুলিশ ধরে ফেলে। ৩০ মাইল বেগে গাড়ি চালানোর রাস্তায় অপরাধীরা ৯০ মাইল বেগে চালিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি।