ঢাকা সংবাদদাতা: সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম নাজমুল হাসান রানা(২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও আলবেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
এছাড়া গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের আরেক শিক্ষার্থী আরাফাত (২৪)। আহত আরাফাত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রানা তাবলীগ জামায়াতের চিল্লা থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা এসব তথ্য জানিয়েছেন।
এদিন ভোরে রানা ও আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাতের চিল্লা থেকে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন। অটোরিকশাটি সিএনবি এলাকায় পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আরাফাত সেখানে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা এসব কথা জানিয়েছেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। তবে বাসটি উদ্ধার করতে পারেনি পুলিশ।














