আন্তর্জাতিক ডেস্ক: ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে তাদের প্রতিরোধ যুদ্ধের এক বছর পূর্তি হবে। এই যুদ্ধের খবর সংবাদমাধ্যমের প্রথম পাতায় আগের মতো আর বড় জায়গা পায় না। তবে মূল রণক্ষেত্রের বাইরে এই যুদ্ধকে ঘিরে কৌতূহল–উদ্দীপক অনেক ঘটনা ঘটছে। সেসব দিকে সাংবাদিকদের নজর বেশি এখন। ওই সূত্রেই আলোচনায় এসেছে ইউক্রেনের পক্ষে পাকিস্তানের বিপুল ভূমিকার বৃত্তান্ত। প্রশ্ন উঠেছে, ইসলামাবাদ কেন এই যুদ্ধে এত সক্রিয়ভাবে যুক্ত হলো? কী অর্জন তাদের?
ইউক্রেনের জন্য ব্রিটেন-পাকিস্তানের এয়ার ব্রিজ
বিশ্বজুড়ে অস্ত্রের চলাচল খেয়াল রাখার অনেক ‘উইপন ট্রেকার’ আছে এখন। এদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েক মাস ধরে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হচ্ছে, পাকিস্তান হয়ে ইউক্রেনে কনটেইনার ভরে ভরে অস্ত্র, গোলা, বারুদ ঢুকেছে বিগত মাসগুলোয়। নানা উপায়ে এ রকম সরবরাহ ঘটছে। কখনো করাচি সমুদ্রবন্দর থেকে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে। কখনো রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ব্রিটেনের এয়ার ক্র্যাফটের এয়ার ব্রিজের মাধ্যমে। এতে সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান ব্যবহার করা হয় পাকিস্তান থেকে রুমানিয়া, সাইপ্রাস ইত্যাদি রুটে। ট্র্যাকাররা আগস্টে ব্রিটেনের গ্লোব মাস্টারের অন্তত ১২টা ট্রিপ শনাক্ত করেছিল।
রুশদের প্রাথমিক অগ্রাভিযান বন্ধের পরপরই ইউক্রেনের মাটি মূলত আর্টিলারি ও মিসাইলের যুদ্ধে পরিণত হয়। উভয় সরঞ্জামে কিয়েভের টানাটানি ছিল। রুশরা ১০-১৫টা গোলা ছুড়লে ইউক্রেন ছুড়তে পারত একটা। সেই ব্যবধান পূরণে অন্য অনেকের সঙ্গে পাকিস্তান কিয়েভকে সাহায্য করে।
এভাবে পাঠানো সরঞ্জামের উৎসও অনেক। কিছু কিছু পাকিস্তানে তৈরি। সরবরাহকারী হিসেবে আছে ব্রিটেনও। নিজ দেশে প্রধানমন্ত্রী পদে ব্যাপক চড়াই-উতরাইয়ের ভেতরই ইউক্রেনের জন্য ব্রিটেন-পাকিস্তান এই যৌথ কারবার চলেছে। নির্ভরযোগ্য অনেক প্রচারমাধ্যমে এসব খবর বের হলেও পাকিস্তান কখনো প্রতিবাদ করেনি। ফলে ধরে নেওয়া হচ্ছে, ‘তদন্ত’গুলো মিথ্যা নয়।
মরিয়া চেষ্টায় হচ্ছে, তা নয়। ইউক্রেনে যখন তেহরান ও ইসলামাবাদের অস্ত্র মুখোমুখি লড়ছে, তখন এ–ও দেখা গেল যে ইরান তাদের এই প্রতিবেশীকে শীতকালীন শুভেচ্ছা হিসেবে প্রায় আড়াই মিলিয়ন ডলার দামের এলপিজি দিয়েছে।
আপাতদৃষ্টে এসব তৎপরতা বিপরীতমুখী। কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছে যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব পরিস্থিতিতে সব দেশ যার যার অবস্থান থেকে কূটনীতিক ফায়দা তুলতে নিত্যনতুন কৌশল নিচ্ছে। স্থায়ী রাগ-অনুরাগভিত্তিক বিদেশনীতি নিয়ে বসে নেই কেউ।
এয়ার ব্রিজের মাধ্যমে ইউক্রেনে যখন রাওয়ালপিন্ডি থেকে অস্ত্র গেল, তার আগে গত বছর মার্চে জাতিসংঘে রাশিয়াবিরোধী নিন্দাপ্রস্তাবে ইসলামাবাদ ভোট দানে বিরত ছিল, যেমনটি ছিল ভারত। এই উভয় দেশই ইউক্রেন যুদ্ধের প্রশ্নে ভারসাম্যের কৌশল নিয়ে কূটনীতির রঙ্গমঞ্চে নিজেদের গুরুত্ব বাড়িয়ে নিচ্ছে। এয়ার ব্রিজের মতো তিক্ত তথ্য-উপাত্তের ভেতরেও মস্কো যে পাকিস্তানকে কাছে টেনে ধরে রেখেছে, সেটা হয়তো ভারত-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতার পাল্টা পদক্ষেপ হিসেবে। আবার পাকিস্তান যাতে পুরোপুরি চীনের পকেটে না ঢুকে যায়, সে জন্য যুক্তরাষ্ট্র আগের নেতিবাচক পাকিস্তান–নীতি অনেকখানি পাল্টে নিয়েছে।
ভারসাম্যের এ রকম পারস্পরিক আবহ ছেড়ে একদিকে হেলে পড়তে গেলে পরিণতি কী হয়, তার নজিরও কম নেই। নিশ্চয়ই দক্ষিণ এশিয়ায় ইমরান খানের দুর্ভোগ সে রকম একমাত্র ঘটনা নয়। প্রায় কাছাকাছি সময়ে ক্ষমতা গেল চীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্রীলঙ্কার রাজাপক্ষেদের, নেপালের কেপি শর্মা ওলির, মালদ্বীপের আবদুল্লাহ ইয়ামিনের। ইয়ামিন ছাড়া অন্যরা নিজ নিজ দেশে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরেও টিকে থাকতে পারেননি। এসব নজির এ অঞ্চলের বাকি দেশগুলোর নীতিনির্ধারকদেরও স্পষ্ট কূটনীতিক বার্তা দিচ্ছে। ‘হেলে পড়া’ বিপজ্জনক!















