ব্রিটেনে মূল্য বৃদ্ধির হার কমেছে তারপরও লন্ডনের ৮১ শতাংশ মানুষ উদ্বিগ্ন

267

ওয়ানবাংলানিউজ: পেট্রল-ডিজেল, পোশাক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের খরচ কমার কারণে ব্রিটেনে মূল্যস্ফীতির হার টানা দু মাস কমেছে। গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৭ শতাংশ। ডিসেম্বর মাসে এই হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, দশমিক দুই শতাংশ কমেছে। তবে পেট্রল-ডিজেল, পোশাকের দাম কমলেও খাদ্য, পানীয় এবং হোটেল-রেস্টুরেন্টে এ সেবার মূল্য বেড়েছে। ফলে ব্রিটেনের মূল্যস্ফীতি এখনও গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। অন্যদিকে সরকারি এবং বেসরকারি খাতের চাকুরীজীবীদের মহুরি এখনও মূল্যস্ফীতির সাথে দৌড়ে অনেক পিছিয়ে আছে। এর ফলে জনগণের জীবনমান নীচে নেমে যাচ্ছে। চ্যান্সেলর বলেছেন, তিনি বর্তমান এই মূল্যস্ফীতির হারকে অর্ধেকে নামিয়ে আনতে চান।

এদিকে মূল্যস্ফীতির চলমান এই সময়ে সব ধরনের পণ্য ও সেবার মূল্য বেড়ে যাওয়ায় চাপের মধ্যে পড়েছেন মধ্য ও নিম্নবিত্তের মানুষ। বিবিসির সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, লন্ডনের ৮১ শতাংশ মানুষ জীবনযাপনের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এদের মধ্যে ৬৬ শতাংশ বলেছেন, এই মূল্য বৃদ্ধি তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। জরিপে আরও জানা গেছে ২৬ শতাংশ বাড়ির মালিকের মরগেজ পেমেন্ট বেড়ে গেছে। আর ২৩ শতাংশ ভাড়াটিয়া বলেছেন, তাদের ঘরের ভাড়া বেড়েছে। লন্ডনের বাসিন্দা ফারাহ বলছেন, খরচ বেড়ে যাওয়ার ফলে তিনি লন্ডনে বসবাস করতে পারবেন কিনা, তা নিয়ে চিন্তিত।

বিবিসির জরিপে আরও জানা গেছে, এই মুহূর্তে লন্ডনের প্রতি দশ জনের মধ্যে একজনের বেশী বিনা মূল্যে ফুড ব্যাঙ্ক থেকে খাবার নিচ্ছেন। মহামারির সময় থেকে হেকনি কাউন্সিলের এই ফুড ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন মাইকেল। পেশায় তিনি একজন উইন্ডো ক্লিনার। কাজ কমে যাওয়ায় তাঁর আয়ও নাই বললে চলে।

মাইকেল একা নন। ২০১৯ সালের সাথে তুলনা করলে প্রতি সপ্তাহে সাহায্যপ্রার্থীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে জানালেন এই ফুড ব্যাংকের পরিচালকেরা। ২০১৭ সালে সারা বছরে মাত্র দুই হাজার পাউন্ডের খাদ্য পণ্য বিতরণ করেছে এই ফুড ব্যাঙ্ক। অথচ এখন প্রতি সপ্তাহে তাঁরা চার হাজার পাউন্ড খরচ করছে খাদ্য পণ্যের পেছনে।

ডোনা নামের এই সিঙ্গেল মাদারের তিন সন্তান এবং তিন নাতি-নাতনি আছে। তিনি এই ফুড ব্যাংকের ওপর পুরোপুরি নির্ভরশীল।

চলতি বছর বিতরণের জন্য খাদ্য পণ্য কিনতে ১শ হাজার পাউন্ড অর্থ উত্তোলনের উদ্যোগ নিয়েছে হেকনি ফুড ব্যাঙ্ক।

এদিকে উইন্ডো ক্লিনার মাইকেল মোটেও হতাশ নন। সুসময়য় ফিরবে বলেই তিনি বিশ্বাস করেন।