আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র এবং বৃটেনের তুলনায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা কম বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এ মন্তব্য করেন। সিরডাপে নাগরিক সমাজের পক্ষ থেকে নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডো) বিকল্প প্রতিবেদন-২০২২ এর ওপর জাতীয় পর্যায়ের মতবিনিময় সভা ছিল। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় মন্ত্রী ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, বাংলাদেশে ২০২০ সালে প্রায় ১৫০০ ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে, এটা রিপোর্টেড রেপ। এখানে যাতে একটি ধর্ষণের ঘটনাও না ঘটে সেজন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমেরিকায় একই সময়ে (২০২০ সালে) ১ লাখ ২৯ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই বছরে বৃটেনে ঘটেছে ২৬ হাজারের মতো ধর্ষণের ঘটনা। মন্ত্রী বলেন, ওদের লোকসংখ্যা আমাদের চেয়ে অর্ধেকেরও কম। তাই তাদের তুলনায় আমরা অনেক ভালো অবস্থানে আছি।
দেশের অর্থনীতে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট গ্রহণ করা হয়েছে। দরিদ্র গর্ভবতী মা, কর্মজীবী ল্যাকটেটিং মা এবং কৃষিকাজে নিয়োজিত প্রান্তিক নারী কর্মীদের ভাতা প্রদান করা হচ্ছে। ভাতা প্রদানের পাশাপাশি মা ও শিশু-স্বাস্থ্য, পুষ্টি ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে, সমাজে নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য শুধু আইন প্রণয়ন করে শারীরিক ও মানসিক নির্যাতন থেকে নারীকে মুক্তি সম্ভব নয়। আইনের কার্যকর প্রয়োগে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষ সকলকেই এগিয়ে আসতে হবে।















