খেলাধুলা ডেস্ক: ২০১৬ সালে ইংল্যান্ড ফুটবল জাতীয় দলের দায়িত্ব নেন গ্যারেথ সাউথগেইট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সবশেষ কাতার বিশ্বকাপে লড়েছে ইংলিশরা। কোনো প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হতে পারেনি সাউথগেটের দল। টানা ব্যর্থতার পর প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের ডাগআউটে সাউথগেটের ভবিষ্যত কি নিরাপদ? ইংলিশ কোচ অবশ্য নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে সময় চান।
টকস্পোর্টের সঙ্গে আলাপকালে গ্যারেথ সাউথগেইট বলেন, ‘বিশ্বকাপই সবসময় আমার লক্ষ্য ছিল। আর প্রত্যেক টুর্নামেন্টের পর সবকিছু নিয়ে চিন্তা-ভাবনার জন্য কিছু সময় প্রয়োজন হয় আমাদের।’
সাউথগেট বলেন, ‘এই প্রতিযোগিতাগুলো আপনাকে ক্লান্ত করে দেবে। আমি মনে করি, প্রত্যেক টুর্নামেন্টের পরই ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলা এবং সবকিছু নিয়ে আলোচনা করা। দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে এটাই মোক্ষম সময়।’ আর দলের ভালোর জন্যই সুচিন্তিত সিদ্ধান্ত নিতে চান সাউথগেট। ইংলিশ কোচ বলেন, ‘আমার সময় প্রয়োজন। এখন এই সিদ্ধান্ত নেয়ার সঠিক সময় নয়।’
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থামে ইংল্যান্ডের শিরোপা স্বপ্ন। সাউথগেট বলেন, ‘আপনি বিশ্বকাপের জন্য চার বছর ধরে একটি দল গোছান।
আপনি বিশ্বাস করেন যে, আপনার এমন একটা দল আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং শিরোপা জিততে সক্ষম। এরপর ব্যর্থতা কষ্টদায়ক। বিশ্বকাপের কাছাকাছি চলে যাওয়ার পর দায়িত্ব নিয়ে নিয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন। তাই আমার সময় দরকার।’
সাউথগেটের অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড। ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হয় ইংলিশরা। সাউথগেটের কোচিংয়ে ৮১ ম্যাচ খেলে ৪৯ জয় পেয়েছে ইংল্যান্ড। ১৮টি ড্র। বাকি ১৪ ম্যাচ হেরেছে।















