ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে তা ফয়সালা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক, উস্কানি দেয় বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর রমনায় শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।
ওবায়দুল কাদের বলেন, আজকে আমেরিকান দূতাবাসের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করব। আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র, উসকানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সবাইকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই। সবাই নিরাপদে থাকছে।
বিএনপি’র উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যদি কোনো বিষয়ে টানাপোড়েন হয়, তার বিচার চাইছেন আপনারা? বিচার চাইবে যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা কে? আন্দোলনে যারা হারবে, নির্বাচনেও তারা হারবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে হবে আসল খেলা। খেলা হবে, প্রস্তুত হয়ে যান।
আওয়ামী লীগ আন্দোলনে খেলবে, নির্বাচনেও খেলবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান প্রমুখ বক্তব্য রাখেন।















