সিলেটের কানাইঘাটে টিলাধসে ৬ শিক্ষার্থী নিহত, দুটি তদন্ত কমিটি

996

সিলেট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে টিলাধসে ছয় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ ও আরডিসি কাজী আরিফুর রহমান।

সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক দেবজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার জন্য আসলে দায়ী কারা। এই বিষয়টি সুস্পষ্ট করতে তদন্ত কমিটি করা হয়েছে।

এদিকে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ নুরুল আফসার ও আমিনুল ইসলাম। তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া নিহত ছয়জনের পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে ১৫ হাজার টাকা করে এবং উদ্ধার হওয়া আহত কিশোরকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান দেবজিৎ সিংহ।

এর আগে মঙ্গলবার সকালে কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারির বাংলাটিলা এলাকায় পাথর উত্তোলন করতে গিয়ে টিলাধসে ছয় শিক্ষার্থী নিখোঁজ হয়। পর্যায়ক্রমে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীরা হলো বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, নিহতদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা। নিহতরা নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে টিলা ধসে পড়লে সবাই চাপা পড়ে।