বিশ্ব ডেস্ক: লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, প্রধানমন্ত্রী হারিরি দেশে ফিরে তাকে সরাসরি কারণ না দর্শানো পর্যন্ত তিনি হারিরির পদত্যাগপত্র গ্রহণ করবেন না। মঙ্গলবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বৈরুতের প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রিপরিষদ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। প্রেসিডেন্ট আউন বলেন, রাজনৈতিক নেতাদেরকেই দেশের ঐক্য ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে। তিনি দেশের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে দেশের রেড-লাইন এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগুলো রক্ষা করতে হবে।
গত শনিবার সৌদি আরব সফরে গিয়ে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কাসহ আরো কিছু কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অভিযোগ তোলেন ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধেও।
তবে উপযুক্ত কারণ না দর্শনো পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এদিকে লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি মিসর সফর শেষে সোমবার রাতে দেশে ফিরেই মিশেল আউনের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, সাদ হারিরির পদত্যাগের ব্যাপারে প্রেসিডেন্টের অবস্থানের সঙ্গে তিনি একমত। এখনই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ গ্রহণ করা হবে না।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ছেলে সা’দ হারিরি। এরপর গত বছর আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৫ সালে রাজধানী বৈরুতে এক ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত হন রফিক হারিরি।















