বিনোদন ডেস্ক: নানা বাধা পেরিয়ে গতকাল ঢাকা আসেন বলিউড তারকা নোরা ফাতেহি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে তাকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্ধারিত প্রবেশমূল্যের বিনিময়ে এই বলিউড তারকাকে দেখার সুযোগ করে দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিটমূল্য ধার্য করা হয়। এর মধ্যে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা। যদিও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নোরাকে কেবলমাত্র একদিনের শুটিংয়ের অনুমতি দিয়েছিল। এর বাইরে অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে পারবেন না বলে শর্ত দেওয়া হয়েছিল। তবে সরকারের এই শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই আলাদা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে উইমেন লিডারশিপ করপোরেশন।
বিকেল থেকেই নোরার পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আগত দর্শকরা। প্রথম দিকে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। রাত সাড়ে ৯টার দিকে মঞ্চে ওঠেন নোরা।












