বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৭৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

97

লন্ডনবাংলাভয়েস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের ৭৭তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে একটি বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, মরহুম আব্দুল জব্বার ১৯৪৫ সালের ১৭ নভেম্বর তৎকালীন সিলেট জেলার মৌলভীবাজার মহকুমার আলালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তিনি কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৬২ এর শিক্ষা-আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যূত্থান, ১৯৭০ এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঘাতক দালাল নির্মুল কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্তি ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ২০২০ সালে মরণোত্তর একুশে পদক-এ ভূষিত করা হয়েছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আরো বলেন,
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবাারে নির্মমভাবে হত্যা করে। নির্মম এ হত্যাকান্ডের পর আব্দুল জব্বার ১৭ই আগস্ট মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সদরে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা আয়োজন করেন। এ জন্য তাঁকে কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছিল।

মরহুম আব্দুল জব্বার ছিলেন মাটি ও মানুষের নেতা। তাঁর জীবনাদর্শ তরুণ রাজনীতিতবিদদের অনুপ্রেরণা জোগাবে। আমি মরহুম আব্দুল জব্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।