সিলেট সংবাদদাতা: সিলেটে বিএনপি নেতা আফম কামাল হত্যাকাণ্ডের ঘটনার জেরে নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। কামালকে কুপিয়ে হত্যার ঘটনার পর চৌহাট্টা-রিকাবীবাজার এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা আফম কামালের লাশ গ্রহণ করতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কামালের মৃত্যুর খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা চৌহাট্টা থেকে মিছিল নিয়ে ওসমানী মেডিকেলের দিকে যেতে চাইলে রিকাবীবাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একটি টং দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা সরে গেলে ছাত্রলীগ কর্মীরা চৌহাট্টা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা বিএনপির ব্যানার ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
গতরাত ৯ টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফম কামাল সিলেটের পরিচিত মুখ। তিনি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ল’কলেজের সাবেক জিএস।
পুলিশ জানায়- আফম কামাল রোববার রাত ৯ টার দিকে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকা দিয়ে প্রাইভেট কার যোগে যাচ্ছিলেন। এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত আফম কামালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান মানবজমিনকে জানিয়েছেন- এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী দলের প্রধান ইশতিয়াক আহমদ রাজুকে নগরের চৌকীদেখি এলাকার নিজ বাসার সামন থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকার চিহিৃত সন্ত্রাসী ও ছিনতাইকারী। দু’দিন আগে তার নেতৃত্বে সাংবাদিক দিপু সিদ্দিীকির ভাইয়ের উপর হামলা হয়েছিল।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- কি কারণে হামলা হয়েছে আমরা জানি না। লাশ ওসমানীতে নিয়ে আসার পর আমরা এসেছি। তিনি বলেন- এ ঘটনা মেনে নেওয়া যায় না।















