ঘুষের টাকাসহ আটক ওয়াকফ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ

720

নিজস্ব প্রতিবেদক: ঘুষ হিসেবে নেওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন মোতাহার হোসেনকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে দুদক প্রসিকিউশন শাখার উপসহকারী পরিচালক সহিদুর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন রোডে নিজ কার্যালয় থেকে মোতাহার হোসেনকে ঘুষ হিসেবে নেওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।

জানা গেছে, মোতওয়াল্লী কমিটির সদস্য মো. ফারুক হোসেনের ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের নামে বিভিন্ন দাগে মোট ১.২৫ একর সম্পত্তি আছে। বাঘৈর জামে মসজিদ উন্নয়নের জন্য মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি থেকে ০.৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতির জন্য ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বরাবর আবেদন করেন তিনি। কিন্তু সম্প্রতি মো. ফারুক হোসেন দুদক অভিযোগকেন্দ্রের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খান কাজটি করে দেওয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করছেন। এ অভিযোগ আমলে নিয়ে রোববার ঘুষ দেওয়ার কথা থাকায় সকাল থেকেইে ওয়াকফ কার্যালয়ে দুদক টিম ওৎ পেতে থাকে। বেলা সাড়ে ১২টায় দুদক টিমের সদস্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এছাড়া তার প্যান্টের পকেট ও আলমারি তল্লাশি করে আরো ৭৯ হাজার টাকা পাওয়া যায়। এ টাকার উৎস সম্পর্কে কোনো জবাব দিতে পারেননি মোতাহার হোসেন।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।