ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের ধারণা- সাগরের উত্তাল ঢেউয়ে মরদেহটি ভেসে এসেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কদমরসুল এলাকার সাগরের পাশে আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, শিশুটির মরদেহ গাউসিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় নৌ পুলিশ উদ্ধার করেছে। জানাজা শেষে শিশুটিকে দাফন করা হবে।
আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিন বলেন, ইয়ার্ডে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে ইয়ার্ডের কর্মকর্তারা আমাকে খবর দেয়। শিশুটির বয়স ৩-৪ মাস হতে পারে। মরদেহটি কোথায় থেকে এসেছে কেউ জানে না। মনে হচ্ছে সাগরের ঢেউয়ের সঙ্গে ভেসে আসতে পারে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।















