দোনেৎস্কের ওলেনিভকা কারাগারে রেডক্রসের পরিদর্শন চায় ইউক্রেন

77

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখল করে নেওয়া দোনেৎস্কের ওলেনিভকা কারাগার পরিদর্শনের জন্য আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

ওলেনিভকা কারাগারটি ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে অবস্থিত। সম্প্রতি দোনেৎস্কসহ ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় মস্কো।

তিন দিনের মধ্যে আইসিআরসি যাতে কারাগারটি পরিদর্শন করে, সেই দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক। খবর বিবিসির।

এক টুইটার পোস্টে আন্দ্রি ইয়েরমাক বলেন, গত মাসে আইসিআরসি কারাগারটিতে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রুশ কর্তৃপক্ষ এ অনুমতি দেয়নি বলে জানায় সংস্থাটি।

আন্দ্রি ইয়েরমাক বলেন, আমরা আর সময় নষ্ট করতে পারি না। সেখানে মানুষের জীবন হুমকির মুখে।

২০১৪ সাল থেকে দোনেৎস্কের রুশ-সমর্থিত কর্তৃপক্ষ কারাগারটি নিয়ন্ত্রণ করে আসছিল। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, কারাগারটির পরিস্থিতি খুবই নাজুক।

গত জুলাইয়ে কারাগারটিতে রকেট হামলা হয়। এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় বন্দি নিহত হন। হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দোষারোপ করে।