লিজ ট্রাসকে দাম্ভিক বললেন নিকোলা স্টারজন

198

ওয়ানবাংলানিউজ: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার এক মাস পেরিয়ে গেলেও লিজ ট্রাস এখনও তাঁর সাথে কথা বলেননি। লিজ ট্রাসের এই আচরণকে দাম্ভিকতা এবং অসৌজন্যমূলক হিসেবে দেখছেন নিকোলা স্টারজন। তিনি আরও বলেন, এর আগের দুই প্রধান মন্ত্রী টেরিজা মে এবং বরিস জনসন দায়িত্ব নেয়ার দুই-একদিনের মধ্যেই তাঁর সাথে কথা বলেছেন। শনিবার থেকে এবারডিনে শুরু হতে যাচ্ছে স্কটিশ ন্যাশনাল পার্টির বার্ষিক সম্মেলন। সম্মেলনের প্রাক্বালে ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এসব অভিযোগ জানালেন।

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে স্কটিশ সরকার দ্বিতীয় গণভোটের আয়োজন করতে পারবে কিনা, সুপ্রিম কোর্ট থেকে একটি আদেশ আসবে শীঘ্রই। আইন বিশেষজ্ঞদের কাছ থেকে যে মতামত পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে, গণভোটের অনুমতি দেবেনা সুপ্রিম কোর্ট। কিন্তু আগামী বছরেই একটি গণভোট চান ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। জনমত জরিপেও দেখা যাচ্ছে, আগামী বছর গণভোটের পক্ষে মাত্র ৩৫ শতাংশ নাগরিক। কিন্তু নিকোলা স্টারজন বলছেন, এটি ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি।

কিন্তু নিকোলা স্টারজনের হাতে যে সময় আছে, এর মধ্যে গণভোটের আয়োজন সম্ভব নাও হতে পারে। কেননা, গণভোটের বিষয়ে আইনি প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। আবার এর মধ্যে সাধারণ নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে।

নিকোলা স্টারজন বলেন, কনজারভেটিভ দলের লিজ ট্রাসের চেয়ে লেবার দলের কিয়ার স্টারমারের নেতৃত্বে স্কটল্যান্ড বেশী উপকৃত হতো। কিন্তু লেবার দল আগ্রহ দেখাছছেনা।

নিকোলা স্টারজন পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন এবং ব্যবহারে আগ্রহী। উত্তর সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে নতুন নতুন কোম্পানিকে লাইসেন্স দেয়ায় ওয়েস্টমিন্সটার সরকারের প্রতি নাখোশ ফার্স্ট মিনিস্টার। স্কটল্যান্ডে পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার তীব্র বিরোধী তিনি।

১৫ বছর ধরে স্কটল্যান্ডের ক্ষমতায় আছে স্কটিশ ন্যাশনাল পার্টি। স্কুল এবং এনএইচএস হাসপাতালগুলো সমস্যায় জর্জরিত। কিন্তু এসবের মধ্যেও স্বাধীনতা নিয়ে এই দলের বাড়তি আগ্রহ সমালোচনার মুখোমুখি হয় প্রায়ই।