ওয়ানবাংলানিউজ: ছোট বোন জউয়ির সাথে হাসিতামাশায় সময় কেটে যেত বড় বোন লুসির। কিন্তু লুসির বয়স যখন ২২ বছর, তখন তাঁর জীবনের সবকিছু বদলে যায়।
এখন লুসির সাথে সুখ-দুঃখের আলাপও করতে পারেন না তাঁর মা এবং ছোট বোন জউয়ি।
লুসির জীবন এখন এরকম। তিনি এখন কথা বলতে পারেন না; হাঁটাচলাও করতে পারেন না। দিনরাত ২৪ ঘণ্টা তাঁকে দেখাশোনা করতে হয়। লুসির কেয়ারার দলের নেতৃত্ব দেন লুসির বোন জউয়ি। লুসির ৮ বছর বয়সের মেয়েকেও দেখাশোনা করেন জউয়ি। এই মেয়েকে জন্ম দেয়ার সময়েই লুসির সমস্যা শুরু হয়। জন্মের পরই লুসি তাঁর মেয়েক তাঁর বুকের ওপর তুলে আনেন। কয়েক মুহূর্তের মধ্যেই লুসি আর পারছিলেন না। মায়ের কোলে মেয়েকে তুলে দেন লুসি।
মেয়েক তুলে দিয়ে মায়ের সাথে সেই ছিল লুসির সবশেষ স্বাভাবিক কথাবার্তা। এরপর লুসির প্রচুর রক্তক্ষরণ হয়।
সার্জারির সময়ে লুসিকে ভুলভাবে এপিডিউরাল দেয়া হয়েছিল। অর্থাৎ, তখন লুসি অচেতন ছিলেন না। সচেতন অবস্থায় এপিডিউরাল এবং রক্তক্ষরণের চাপ নিতে পারেনি লুসির দেহ। তাঁর হৃদপিণ্ড বন্ধ হয়ে যায়, মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। ফলে লুসির মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
লুসির জীবনের সাথে জড়িয়ে বোন জউয়ির জীবনও পালটে যায়। বড় বোন লুসি আর বোনের মেয়েকে দেখাশোনা করতে গিয়ে জীবনের অনেক আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন জউয়ি।
লুসির সন্তান জন্ম দানের গল্প থেকে একটি সুস্থ জীবনের সর্বনাশের যেমন চিত্র উঠে এসেছে, তেমনি এর বিপরীতে এনএইচএস এর অর্থনৈতিক ক্ষতিরও একটি চিত্র পাওয়া যায়। লুসির চিকিৎসায় ভুল করার কারণে এনএইচএস লুসির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু লুসির মা বলছেন, ক্ষতিপূরণের চেয়ে তিনি তাঁর সুস্থসবল মেয়েকে ফিরে পেতে চান।
ইংল্যান্ডে প্রতি ৫৪ সেকেন্ডে একটি শিশুর জন্ম হয়। এদের অধিকাংশই সুস্থ এবং স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে থাকে।
ইংল্যান্ডে গত বছর প্রায় ছয় লাখ শিশুর জন্ম হয়। এদের মধ্যে ১২ শ’র কিছু বেশী শিশুর জন্মের সময়ের নানা অস্বাভাবিকতার কারণে ক্ষতিপূরণের দাবি ওঠে। এনএইচএস ইংল্যান্ডে যত ধরনের ক্ষতিপূরনের দাবি জমা হয়, এর ১২ শতাংশ শিশুজন্মের সাথে সংশ্লিষ্ট। এনএইচএস এর জন্য মেটারনিটির ক্ষতিপূরণ সবচেয়ে ব্যয়বহুল একটি খাত। গত এক বছরে এনএইচএস ইংল্যান্ডে মেটারনিটি বিভাগের ভুলের কারণে ৮ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হতে পারে। ইংল্যান্ডের সকল মেটারনিটি ওয়ার্ডে যত ডাক্তার, নার্স এবং মিডওয়াইফ কাজ করেন, তাদের সবাই মিলে এক বছরে যা বেতন পান, ৮ বিলিয়ন পাউন্ডের এই অংক তার চার গুন।
সরকার চায়, সন্তান জন্ম দেয়ার সবচেয়ে নিরাপদ স্থান হোক এনএইচএস। এ জন্য মেটারনিটি কেয়ার খাতে ২শ মিলিয়ন পাউন্ডের বেশী অর্থ বিনিয়োগ করা হয়েছে।
আবার লুসির পরিবারে ফিরে যাই। লুসির ছোট বোন জউয়িও বিয়ে করতে চান। কিন্তু লুসির পরিণতি দেখে তিনি ভয় পাচ্ছেন, তাঁরও যদি একই পরিণতি হয়, তবে তাদেরকে কে দেখাশোনা করবে।















