আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে বাকিতে জ্বালানি দিতে প্রস্তুত রাশিয়া। মঙ্গলবার ডেইলি জাং এক রিপোর্টে এ কথা জানিয়েছে। গত সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট হয় আজারবাইজানের রাজধানী সামারখন্দে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। এরপরই এমন সিদ্ধান্তে আসে রাশিয়া। সামারখন্দে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মস্কো থেকে তেল, গ্যাস এবং গম সরবরাহ নিয়ে আলোচনা হয়। পাকিস্তানে যেহেতু ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে, তাই প্রস্তাবিত এই চুক্তি নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেনি যুক্তরাষ্ট্র। ১৮ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেন, রাশিয়া প্রস্তাব করেছে, তাদের গ্যাস পাইপলাইন অবকাঠামো মধ্য এশিয়া পর্যন্ত আছে।
তা আফগানিস্তান হয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে। খাজা আসিফ বলেন, পারস্পরিক সুবিধার জায়গা থেকে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পাকিস্তান ও রাশিয়ার নেতা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ১৫ই সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে, মস্কো থেকে পাকিস্তানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ পৌঁছে দেয়ার অবকাঠামো সম্ভব। এ সময় পাকিস্তানে বন্যা আক্রান্ত জনগণের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেন পুতিন। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শেহবাজ শরীফ। বলেছেন, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত শক্তিশালী করা হবে।












