ঢাকা সংবাদদাতা: ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা এবং শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টার ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল।
সেতুমন্ত্রী বলেন, এ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক আওয়ামী লীগ। পরে বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
বন্দি অবস্থায় হত্যা করা হয়। প্রতিবছর এ দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টায় নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এছাড়া, রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন দল, সংগঠনের উদ্যোগে সারাদেশে আজ পালিত হচ্ছে শোকাবহ এই দিবস।















