বিশ্ব ডেস্ক: আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন হোয়াইটহাউজে অতিথি হিসেবে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক চ্যাট শো-তে আমেরিকান সরকার ও প্রেসিডেন্ট নির্বাচনের সময় তদ্বিরকারীদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় তিনি একটি ছবির কথা উল্লেখ করে এ কথা বলেন।
মারিয়া জাখারোভা বলেন, মনে আছে হোয়াইটহাউজে লাদেনকে আপ্যায়নের সেই অসাধারণ, মাথা-ঘুরানো ছবির কথা?
লাদেনের সঙ্গে হিলারি ক্লিন্টনের হ্যান্ডশেক করার ছবিটি গত বছর রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল।
ওই ছবি ভুয়া বা ফেক উল্লেখ করে বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০০৪ সালে হিলারি ভারতীয় সঙ্গীতজ্ঞ শুভাশীষ মুখার্জীর সঙ্গে ছবি তোলেন। মুখার্জীর জায়গায় লাদেনকে বসিয়ে দেয়া হয়েছে।
আমেরিকান তথ্য বিশ্লেষণকারী সাইট স্নোপস ছবিটি বিশ্লেষণ করে বলেছে ফ্রিকিং ডট কমে ফটোশপের একটি প্রতিযোগিতার অংশ ছিল ছবিটি।
২০০৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। সেই সময় হিলারি ক্লিন্টন ছিলেন নিউইয়র্কের সিনেটর।















