আফগানিস্তানের বিপক্ষে বিপর্যস্ত বাংলাদেশ

302

খেলাধুলা ডেস্ক: প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবীদের এমন উড়ন্ত সূচনা দেখে অনেকটাই শঙ্কায় বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। এমনকি বাংলাদেশকে আফগানদের চেয়ে সহজ প্রতিপক্ষ বলেই দাবি করেছে লঙ্কানরা। যদিও, আফগান স্পিনার রশিদ খান বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ বলায় বিস্মিতিই হয়েছেন।

তবে বাংলাদেশ দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলে দিয়েছেন, কে বড়, কে ছোট কিংবা কে ভালো, কে খারাপ- সবই প্রমাণ হবে মাঠে। অবশেষে বাংলাদেশ-আফগানিস্তান সেই লড়াইয়ের ক্ষণ প্রস্তুত।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবির সঙ্গে টস করতে নেমে জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরই এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬ ওভারে ৯৫/৬

এতক্ষণ রশিদের ওপর সে অর্থে চড়াও হননি বাংলাদেশ ব্যাটসম্যানরা। শেষ ওভারে মাহমুদউল্লাহ স্লগ করতে গিয়ে ধরা পড়লেন। মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ২৭ বলে ২৫ রান করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। মোসাদ্দেক হোসেনের সঙ্গে জুটিতে উঠেছে ৩১ বলে ৩৬ রান।

এ ওভারেই স্টাম্পিং থেকে সূক্ষ্ণ ব্যবধানে বেঁচে গেছেন মোসাদ্দেক।

রশিদের শেষ বলে বাউন্ডারি পেয়েছেন মোসাদ্দেক। আফগান লেগ স্পিনার বোলিং শেষ করলেন ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে। ফলে রশিদ ও মুজিব—৮ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে নিলেন ৬ উইকেট।

গ্যালারিতে বাংলাদেশের দাপট

প্রতিটি সিঙ্গেলও দর্শকদের ভাসাচ্ছে উল্লাসে, অন্তত তাদের আওয়াজ বলছে সেটিই। শারজার গ্যালারিতে বাংলাদেশের উপস্থিতি চোখে পড়ার মতোই, যদিও মাঠের পারফরম্যান্স এখনো খুব একটা সুবিধার নয়।

আফগানিস্তানের বিপক্ষে এতো কম রানে আগে কখনো ৫ উইকেট হারায়নি বাংলাদেশ

মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহর জুটিতে এখন পর্যন্ত উঠেছে ১৯ রান। দুজনের ষষ্ঠ উইকেট জুটি শুরু হয়েছিল বাংলাদেশের স্কোর ৫৩ রান থাকতে। এর আগে কখনোই আফগানিস্তানের বিপক্ষে এত কম রানে ৫ উইকেট হারায়নি বাংলাদেশ।

রশিদের কবলে আফিফ

আফগান স্পিনের কোনো জবাব দিতে পারছে না বাংলাদেশ। সর্বশেষ রশিদ খানের শিকার আফিফ হোসেন। সোজা হওয়া বলটি পেছনে গিয়ে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গেছেন আফিফ। আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন, তবে কাজে আসেনি সেটি। আফিফ ফিরে গেলেন ১৫ বলে ১২ রান করে।

দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট নিলেন রশিদ। শারজায় বাংলাদেশের দুর্দশা বাড়ল আরেকটু।

দশ ওভারে বাংলাদেশের ৫০

পঞ্চম ওভারে পর পর দুই বলে দুই চার মেরেছিলেন সাকিব। পরের বাউন্ডারিটি এলো দশম ওভারের পঞ্চম বলে। নবির লেগ সাইডের বলে ব্যাট চালিয়ে সেটি পেয়েছেন মাহমুদউল্লাহ।

দশম ওভারে ইনিংসে তৃতীয় স্পিনার হিসেবে এসেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। আফিফ রিভার্স সুইপ করেছিলেন, বাউন্ডারিও পেয়ে যেতে পারতেন। তবে সীমানায় দারুণ ফিল্ডিং করে সেটি বাঁচিয়েছেন ইব্রাহিম জাদরান।

নবির প্রথম ওভারে এসেছে ১২ রান। ১০ ওভার শেষে ৫০ রান বাংলাদেশের।

মুজিবের ২০০

এনামুলের উইকেট নিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে টি-টোয়েন্টিতে ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ হলো মুজিব উর রহমানের। ২১ বছর ২৫৫ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়ে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ। ২০ বছর ১৫ দিনে ২০০ ছুঁয়ে সর্বকনিষ্ঠ রশিদ খান।

সপ্তম ওভারে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ

এক প্রান্তে মুজিব, অন্য প্রান্তে রশিদ। প্রথম ওভারে বোলিং করতে এসেই রশিদ ফেরালেন মুশফিকুর রহিমকে। আরেকটি এলবিডব্লুর আবেদন, আরেকটি আফগানিস্তান রিভিউ। সফলও হলো সেটি। ডিফেন্ড করতে যাওয়া মুশফিকের ব্যাটের ইনসাইড এজ ফাঁকি দিয়ে রশিদের গুগলি লাগে প্যাডে, আম্পায়ার আবেদনে সাড়া না দিলেও বল ট্র্যাকিং পক্ষে গেছে আফগানদের। সপ্তম ওভারেই চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

মুজিবের তৃতীয় শিকার সাকিব, চাপে বাংলাদেশ

নভিন উল হকের আগের ওভারে পরপর দুই বলে দুই চার মেরেছিলেন সাকিব। তবে পরের ওভারে মুজিবকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। লাইন মিস করে গেছেন বাংলাদেশ অধিনায়কও, হারিয়েছেন স্টাম্প। তৃতীয় ওভার করতে এসে তৃতীয় উইকেট মুজিবের, চাপে বাংলাদেশ।

৪ ওভারে ১৩ রান তুলতে ২ উইকেট হারালো বাংলাদেশ

নীচু হয়ে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গিয়েছিলেন এনামুল হক, আম্পায়ার আসিফ ইয়াকুব অবশ্য আউট দেননি। মুজিব উৎসাহী ছিলেন শুরু থেকেই, তবে নবী রিভিউ নেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে। সফলও হলো আফগানিস্তান। বল ব্যাটে লাগেনি, বল ট্র্যাকিংয়ে দেখিয়েছে তিন লাল। মুজিবের ২ ওভারে ফিরলেন দুই ওপেনার, এনামুল ফিরলেন ১৪ বলে মাত্র ৫ রান করে। ৪ ওভারে ১৩ রান তুলতে ২ উইকেট হারাল বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারালো বাংলাদেশ

দ্বিতীয় ওভারে এসেছিলেন মুজিব উর রহমান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে দিয়েছিলেন নাঈম, স্ট্রাইক ফিরে পান শেষ বলে। সেটিতেই ফিরতে হলো তাঁকে। মুজিবের বল থেমে থেমে আসছিল, ভেতরের দিকে ঢোকা বলটিতে ব্যাট চালিয়ে নাগাল পাননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝে বি-শা-ল ফাঁক রেখে খেলতে গিয়ে মিস করে হয়েছেন বোল্ড। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে রান ৭।

ফারুকির প্রথম ওভারে ৫

প্রথম দুটি বল গুডলেংথ ও ব্যাক অব আ লেংথে করার পর ফুললেংথে যেতে চেয়েছিলেন ফজলহক ফারুকি, তবে সেটি হয় লো ফুলটস। মিড অনকে বিট করে সেটিতে চার মেরেছেন নাঈম। পরে অবশ্য লেংথ আবার ঠিকঠাক করেছেন ফারুকি, নাঈম দুটি ডট খেলার পর শেষ বলে নিয়েছেন সিঙ্গেল।