ঢাকা সংবাদদাতা: বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যাপারে একবিন্দুও ছাড় দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে তিনি বলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ গত ১৮ জুলাই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারে হামলার শিকার হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ, যুবলীগ নেতা আবদুর রহিম ও জীবনের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ও তাকে তুলে নিয়ে গিয়ে প্রায় ৫ ঘণ্টা আটক রেখে নির্মম নির্যাতন করে হত্যা চেষ্টা করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করে যাচ্ছে ঠিক সেই সময়েই কোন কারণ ছাড়াই বিএনপি’র নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। পবিত্র ঈদ উল আযহায় দলের নেতাকর্মীরা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় অবস্থান করার সময় গণধিকৃত অবৈধ সরকার দেশব্যাপী বীভৎস্য সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে।
ফখরুল বলেন, ছাত্রলীগ-যুবলীগের রক্তপিপাসু সশস্ত্র সন্ত্রাসীদের কারণে দেশে নৈরাজ্যের ঘন অন্ধকার নেমে এসেছে। আওয়ামী সন্ত্রাসীরা একের পর এক এলোপাতাড়ি মারধর, চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা ও রক্তাক্ত জখম করার পর তাদের কোন বিচার না হওয়ার কারণে দ্বিগুণ উৎসাহ নিয়ে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে যতই চেষ্টা করা হউক বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যাপারে একবিন্দুও ছাড় দেবে না।















