ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, অধিক গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।
হানিফ বলেন, এ নিয়ে আমি কোনো সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।
এ সময় কুষ্টিয়া-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।















