ঢাকা সংবাদদাতা: দেশ স্বাধীন হওয়ার সময় বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ। এখন সেটাকে আমরা ২২.৫০ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের কৃতিত্বের বিষয়। তবে এটাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ এখনো এই দেশে তিন কোটি দরিদ্র মানুষ রয়েছে।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ এর চেয়ারম্যান কাজি খলীকুজ্জমান আহমদ।
আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
অর্থমন্ত্রী বলেন, এই সরকার জনগণের সেবায় নিয়োজিত। সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ দেশের উন্নয়ন হবে। দেশের দারিদ্র্য দূর হবে। আমাদের উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা হলো দারিদ্র্য দূর করা। আগামী ২০২৪ সালের পর দেশে কোনো দারিদ্র্য থাকবে না।
তিনি বলেন, ওই তিন কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। শুধুই প্রত্যাশা নয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ২০২৪ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূর হবে। বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী দেশ হবে।
অনুষ্ঠানে দুইজন বিশেষ ব্যক্তিকে সম্মাননা দেয় পিকেএসএফ। একজন হচ্ছেন মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার এবং আরেকজন হলেন মুক্তিযোদ্ধা আবুল হাসিব খান।
বিশেষ অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এই সমাজে মেয়েদের স্বাবলম্বী হতে হবে। মেয়েদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে পিকেএসএফ যে অবদান রাখছে সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক জনমত গঠনে অবদান রাখতে পিকেএসএফকে আহ্বান জানাই।












