সিঙ্গাপুরে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

85

ঢাকা সংবাদদাতা: সিঙ্গাপুরে কাজ করার সময় দেয়াল চাপা পড়ে নিহত হয়েছেন ৪১ বছর বয়সী এক বাংলাদেশি। গত ১০ই জুন এ ঘটনা ঘটলেও এ নিয়ে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে অনলাইন স্ট্রেইট টাইমস। এতে বলা হয়, দেয়াল চাপা পড়ার পর তাকে উদ্ধার করে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ৪৪ তাই হওয়ান হাইটসের এই ঘটনা সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে ঘটনার দিন স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায়। মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সাধারণ নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে যেকোনো নির্মাণ কাজের শুরুতে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। ১৬ই জুন এই দুর্ঘটনা সম্পর্কে তথ্য শেয়ার করেছে ডব্লিউএসএইচ কাউন্সিল। তারা এক্ষেত্রে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যগত বিষয়ে সতর্কতা দিয়েছে।

মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যে ভবনে ওই শ্রমিক কাজ করছিলেন তার মালিক বিউ হক ইঞ্জিনিয়ারিং। নিহত শ্রমিক কাজ করতেন স্যাম উ নামের একটি কোম্পানির অধীনে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

তারা ওই ভবনের মালিকদেরকে নির্দেশ দিয়েছেন সেখানে সব রকম কাজ বন্ধ রাখতে। ডব্লিউএসএইচ তার সতর্কতায় বলেছে, বছরের এই সময়ে কর্মক্ষেত্রে আহত হওয়ার প্রবণতা বেড়ে গেছে। দুর্ঘটনা রোধ এবং ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে। এখন পর্যন্ত এ বছর এমন ঘটনা ঘটেছে ২৬টি। ২০১৬ সালের পর এই সময়ে এটাই সর্বোচ্চ সংখ্যা।